শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
শিবালয়ে পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির বাগাড়, ৩৮ হাজারে বিক্রি
daily-fulki

শিবালয়ে পদ্মায় ধরা পড়ল ২৪ কেজির বাগাড়, ৩৮ হাজারে বিক্রি


ঘিওর, (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার মালুচি এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিপন্ন প্রজাতির ২৪ কেজি ওজনের একটি বিশালাকার বাগাড় মাছ ধরা পড়েছে। পরবর্তীকালে মাছটি পার্শ্ববর্তী হরিরামপুর উপজেলার ঝিটকা বাজারে নিয়ে ৩৮ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়।


শনিবার সকালে ঝিটকা বাজারে মাছটি উন্মুক্তভাবে বিক্রি করা হয়। এর আগে শুক্রবার রাতে পদ্মা নদীর মালুচি অংশ থেকে স্থানীয় এক জেলের জালে মাছটি ধরা পড়ে।
শনিবার সকাল ৯টার দিকে স্থানীয় মাছ ব্যবসায়ী তাপস হালদার মাছটি কিনে ঝিটকা বাজারে বিক্রির জন্য নিয়ে আসেন। নদীর বিরল ও বিশালাকৃতির বাগাড়টি দেখতে বাজারে উৎসুক জনতার ভিড় জমে যায়।


ব্যবসায়ী তাপস হালদার বলেন, ‘মালুচি এলাকার পদ্মা নদী থেকে জেলেদের কাছ থেকে মাছটি কিনে আমি ঝিটকা বাজারে নিয়ে আসি। পরে প্রতি কেজি ১ হাজার ৬০০ টাকা দরে বাজারের ব্যবসায়ী মোন্নাফসহ কয়েকজন স্থানীয় ক্রেতার কাছে ভাগে বিক্রি করেছি।’


স্থানীয় বাসিন্দারা জানান, পদ্মায় আগের মতো বড় আকারের বাগাড় মাছ এখন আর সচরাচর দেখা যায় না। তাই মাছটি বাজারে আসার খবর ছড়িয়ে পড়লে তা দেখতে ও কিনতে উৎসুক মানুষের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়।


উল্লেখ্য, আইইউসিএনের (ওটঈঘ) তালিকা অনুযায়ী বাগাড় একটি বিপন্ন প্রজাতির মাছ এবং বাংলাদেশের বন্য প্রাণী ও পরিবেশ নীতিতে এটি সংরক্ষিত।
এ বিষয়ে হরিরামপুর ও শিবালয় উপজেলার দায়িত্বপ্রাপ্ত বন কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, বাগাড় মাছ বন অধিদপ্তরের বন্য প্রাণী সংরক্ষণ ইউনিটের আওতাধীন। বিপন্ন হওয়ায় এ ধরনের মাছ ধরা ও বিক্রি থেকে বিরত থাকতে জেলে ও ব্যবসায়ীদের পরামর্শ দেওয়া হয়। বিপন্ন প্রজাতি রক্ষায় বন্য প্রাণী ইউনিটের সঙ্গে সমন্বয় করে সচেতনতামূলক কাজ পরিচালনা করা হচ্ছে।
 

সর্বাধিক পঠিত