শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নতুন মজুরি ঘোষণাসহ ৬ দাবিতে শ্রমিক সমাবেশ
daily-fulki

সাভারে নতুন মজুরি ঘোষণাসহ ৬ দাবিতে শ্রমিক সমাবেশ


স্টাফ রিপোর্টার : নতুন মজুরি বোর্ড গঠন করে আগামী ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের জন্য ন্যায্য মজুরি ঘোষণা ও বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে সাভারে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (২ অক্টোবর) সকাল ১১টায় সাভার বাসস্ট্যান্ডের রানা প্লাজার সামনে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও শ্রমজীবী ঐক্য পরিষদের উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।


সমাবেশে বক্তারা শ্রমিকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে ছয় দফা দাবি জানান। দাবিগুলোর মধ্যে রয়েছে—নতুন মজুরি বোর্ড গঠন ও তা বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও রেশন ব্যবস্থা চালু, বন্ধ কারখানা চালু ও বেআইনি ছাঁটাই বন্ধ, মিথ্যা মামলা ও নির্যাতন বন্ধ, বকেয়া বেতন ও ন্যায্য পাওনা পরিশোধ এবং নারী শ্রমিকদের মাতৃত্বকালীন ছুটি নিশ্চিত করা।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের উত্থাপিত ছয় দফা দাবি বাস্তবায়নে কার্যকর উদ্যোগ নেওয়া না হলে নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। শ্রমিকদের ন্যায্য অধিকার ও দাবি-দাওয়া আদায়ে আন্দোলন অব্যাহত রাখার কথাও জানান তাঁরা।


বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশন ও শ্রমজীবী ঐক্য পরিষদের সভাপতি শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন শ্রমিক নেতা ও বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।


সমাবেশে আরো বক্তব্য দেন কবির, আবু কালাম হোসেন, আলী আকবর খান, আ. মজিদ পাটোয়ারী, রাসেল প্রামাণিক, সাদিয়া রহমান হ্যাপি, মাহমুদা হোসেন মিলি, মো. আজম খান, হাসিনা ও সেলিনা হুসাইন প্রমুখ।


সমাবেশ শেষে শ্রমিকরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রানা প্লাজার সামনে থেকে শুরু হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক প্রদক্ষিণ করে সাভার মডেল মসজিদের সামনে গিয়ে শেষ হয়।

সর্বাধিক পঠিত