মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ):
টানটান উত্তেজনা, আক্রমণ-পাল্টা আক্রমণ আর শেষ মুহূর্তের স্নায়ুচাপ—সব মিলিয়ে রোমাঞ্চকর এক ফাইনাল দেখল মানিকগঞ্জের সিংগাইর। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনালে সাটুরিয়ার জে.আর স্টাইল পয়েন্ট এলিভেনকে ট্রাইবেকারে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হরিরামপুরের ফয়সাল স্পোর্টিং ক্লাব।
শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে সকাল থেকেই ছিল উৎসবের আমেজ। ম্যাচ শুরুর আগেই দর্শকে কানায় কানায় পূর্ণ হয়ে যায় পুরো মাঠ। জায়গা না পেয়ে অনেক দর্শক আশপাশের ভবনের ছাদ ও গাছে উঠে খেলা উপভোগ করেন।
৭০ মিনিটের নির্ধারিত খেলায় প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে শিরোপার লড়াই। নির্ধারিত সময়ে উভয় দল একটি করে গোল করলে ম্যাচ ১-১ সমতায় শেষ হয়। পরে শিরোপা নির্ধারণে খেলা গড়ায় ট্রাইবেকারে। সেখানেই স্নায়ুচাপের লড়াইয়ে জয় তুলে নেয় ফয়সাল স্পোর্টিং ক্লাব।
দলের গোলরক্ষক হিমেল ফাইনালে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে ম্যাচসেরার পুরস্কার অর্জন করেন।
শুরুতে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে ফাইনাল ম্যাচের উদ্বোধন করেন সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বায়রা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান দেওয়ান সোহেল। টুর্নামেন্ট আয়োজনে সার্বিক সহযোগিতা করে বায়রা তরুণ সংঘ।
ফয়সাল স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন এক লাখ টাকা। রানার্সআপ জে.আর স্টাইল পয়েন্ট এলিভেন পায় ৫০ হাজার টাকা। এ ছাড়া টুর্নামেন্টের সেরা ১০ দর্শককেও দেওয়া হয় পুরস্কার।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে ম্যাংগো টেলি সার্ভিস লিমিটেডের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবুল মান্নানের উপস্থিত থাকার কথা থাকলেও বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তবে জাতীয় ফুটবল দলের অধিনায়ক আশাফুল ইসলাম রানা বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত থাকায় দর্শকদের মধ্যে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
খেলায় ধারাভাষ্য দেন -এস আর হাবিব এবং রেফারির দায়িত্ব পালন করেন- ফাহিম আশরাফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম স্বাধীন , সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. আওলাদ হোসেন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুল আওয়াল শরীফ খোকন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাগর, উপজেলা কৃষক দলের সভাপতি জহিরুল ইসলাম জহিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
ফাইনাল ঘিরে বায়রা উচ্চ বিদ্যালয় মাঠে নামে দর্শকের ঢল। পুরো মাঠজুড়ে ছিল উচ্ছ্বাস, করতালি আর গোলের অপেক্ষায় থাকা দর্শকদের উন্মাদনা। শেষ বাঁশি বাজার পর ট্রাইবেকারের রোমাঞ্চে ফয়সাল স্পোর্টিং ক্লাবের শিরোপা জয় উদযাপনে মাতেন খেলোয়াড় ও সমর্থকেরা।
