বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবি স্কুল ও কলেজে শিক্ষার্থীদের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ
daily-fulki

জাবি স্কুল ও কলেজে শিক্ষার্থীদের অতিরিক্ত ফি আদায়ের প্রতিবাদে বিক্ষোভ


স্টাফ রিপোর্টার : অতিরিক্ত ফি আদায় এবং পর্যাপ্ত শিক্ষাসুবিধা না থাকার প্রতিবাদে ক্লাস বর্জন করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) স্কুল ও কলেজের শিক্ষার্থীরা।


মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে অংশ নেন শতাধিক অভিভাবকও।
শিক্ষার্থীদের অভিযোগ, বিগত কয়েক বছর ধরে কম্পিউটার ফি, ল্যাব ফি, ম্যাগাজিন ফি সহ বিভিন্ন খাতে তাদের কাছ থেকে নিয়মিত অর্থ আদায় করছে কর্তৃপক্ষ। তবে বাস্তবে এসবের কোনো সুবিধাই তারা পাচ্ছে না। ল্যাব ও কম্পিউটার সুবিধার চরম ঘাটতির পাশাপাশি ক্যান্টিনে নিম্নমানের অস্বাস্থ্যকর খাবার এবং শ্রেণিকক্ষের জরাজীর্ণ দশা সহ নানাবিধ অব্যবস্থাপনা দীর্ঘদিনের। এসব বিষয়ে দীর্ঘদিন ধরে ক্ষোভ জমতে থাকা শিক্ষার্থীরা সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও শিক্ষকদের মাধ্যমে প্রতিবাদ জানান। তবে কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো শাস্তিমূলক ব্যবস্থার হুমকি দিলে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং আন্দোলনের ডাক দেয়।


মঙ্গলবার সকালে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে মানববন্ধনে অংশ নেয় এবং অতিরিক্ত অযৌক্তিক ফি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে স্লোগান দেয়। ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দুপুরে জরুরি সভায় বসে স্কুল ও কলেজের গভর্নিং বডি। সভায় শিক্ষার্থীদের উত্থাপিত দাবি-দাওয়া পর্যালোচনা করা হয়।
অতিরিক্ত ফি আদায়ের বিষয়টি স্বীকার করে জাবি স্কুল ও কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মোহা. তালিম হোসেন জানান, “ধরা পড়া অতিরিক্ত ফি সমন্বয়ের মাধ্যমে দ্রুত সমাধান করা হবে।”


গভর্নিং বডির সভাপতি অধ্যাপক সামছুল আলম বলেন, “শিক্ষার্থীদের উত্থাপিত সমস্যাগুলো দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
জরুরি সভা শেষে কর্তৃপক্ষের আশ্বাসের পর শিক্ষার্থীরা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করে। দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রাখার জোর দাবি জানিয়েছেন অভিভাবক ও সংশ্লিষ্ট সকলে।

 

সর্বাধিক পঠিত