স্টাফ রিপোর্টার : ২৮ হাজার ৮০০ টাকা দামের একটি শাড়ি নিয়ে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে করা মামলায় অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানি হবে আজ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার পরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কামাল উদ্দীনের আদালতে এ শুনানি হওয়ার কথা রয়েছে।
বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
মামলাটিতে গত ১৩ আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালতে আত্মসমর্পণ করে জামিন নেন তানজিন তিশা। এর আগে গত ১২ জুলাই তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে তাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করা হয়।
মামলার নথি অনুযায়ী, অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর সেটির প্রচারণা এবং মূল্য পরিশোধের বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। পরে তানজিন তিশার সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় ২০২৫ সালে পেজটির অ্যাডমিন আমিনুল ইসলাম আদালতে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলাটি করেন।
মামলাটি গ্রহণের পর আদালত বাদীর জবানবন্দি নেন এবং ঘটনা তদন্ত করে প্রতিবেদন দিতে ডিবি পুলিশকে নির্দেশ দেন। তদন্ত শেষে তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে উল্লেখ করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ওই প্রতিবেদন আমলে নিয়েই পরে তার বিরুদ্ধে সমন জারি করা হয়।
গত ১৩ আগস্ট আদালতে আত্মসমর্পণের পর তানজিন তিশার পক্ষে জামিনের আবেদন করেন আইনজীবী নিহার হোসেন ফারুক। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনের পর তানজিন তিশা সাংবাদিকদের বলেন, ২৮ হাজার টাকার একটি শাড়ি আত্মসাতের অভিযোগে তাকে আদালতে আসতে হয়েছে, যা তার ১৫ বছরের ক্যারিয়ারের জন্য কাম্য নয়। তিনি দাবি করেন, মামলায় একাধিক মিথ্যা তথ্য রয়েছে এবং তিনি শাড়ি আত্মসাৎ বা প্রতারণা করেননি।
তিশা আরও অভিযোগ করেন, মামলার বাদী একজন নারী এবং নিজের স্বামীর ক্ষমতা ব্যবহার করে তার বিরুদ্ধে মামলা করেছেন ও তাকে বিভিন্নভাবে হুমকি দিয়েছেন। তবে এসব অভিযোগের বিষয়ে মামলার বাদীপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
