মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : মানিকগঞ্জের সিংগাইরে টায়ার পুড়িয়ে পরিবেশ দূষণের দায়ে ‘গ্রীন এনার্জি’ নামের একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে প্রতিষ্ঠানটির স্থাপনা অতিসত্বর সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ধল্লা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, টায়ার পুড়িয়ে পরিবেশের ক্ষতি করার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এবং বায়ুদূষণ (নিয়ন্ত্রণ) বিধিমালা, ২০২২-এর ৮(১) বিধি লঙ্ঘনের দায়ে গ্রীন এনার্জিকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রতিষ্ঠানটির স্থাপনা দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনা করেন -সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আল আমিন কবির। এ সময় তাঁকে সহযোগিতা করেন সিংগাইর থানা পুলিশের সদস্যরা।
এদিকে গ্রীন এনার্জির কালো ধোঁয়ায় অতিষ্ঠ হয়ে পড়েছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, প্রতিষ্ঠানটিতে টায়ার পোড়ানোর কারণে সৃষ্ট কালো ধোঁয়ায় এলাকার পরিবেশ দূষিত হচ্ছে। এতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি বসবাস করাও কঠিন হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ এবং স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছেন। তাঁদের আরও অভিযোগ, এর আগেও প্রশাসনের পক্ষ থেকে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছিল। এরপরও কীভাবে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলেছে, তা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
