সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গত কয়েক দিনে পৃথক অভিযানে দলটির অঙ্গসংগঠনের আট নেতাকর্মীকে গ্রেপ্তার করেছেন পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-বলধারা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাসমত আলী (৪২), জয়মন্টপ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. নাসিম হোসেন (২৮), চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. শাবান আলী সর্দার (৪০), ধল্লা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলাম (৩৮) এবং দলের কর্মী সোহান (৩৮), ইমন ওরফে নজরুল ইসলাম (২৩), রবিন শেখ (২০)
পুলিশের ভাষ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর সিংগাইর থানায় দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলাগুলোর মধ্যে ধল্লা পুলিশ ফাঁড়িতে অগ্নিসংযোগ এবং শপিংমল প্যারামাউন্ড ও আড্ডা কাফ রেস্টুরেন্টের সামনে সংঘটিত ঘটনার অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে উপজেলা যুবলীগ নেতা সফিকুল ইসলামকে এর আগে দুইবার এবং শাবান আলী সর্দার ও সিরাজুল ইসলামকে একবার গ্রেপ্তার করা হয়েছিল।
তবে গ্রেপ্তার ব্যক্তিদের পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, তাঁদের স্বজনেরা সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে জড়িত নন এবং তাঁরা মামলার এজাহারভুক্ত আসামিও নন।
তাঁদের দাবি, রাজনৈতিকভাবে হয়রানি করতে তাঁদের স্বজনদের মামলায় জড়ানো হয়েছে এবং তাঁরা ‘ষড়যন্ত্রের শিকার’।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা দেশের বিশৃঙ্খলা সৃষ্টির কর্মকাণ্ডে জড়িত ছিলেন। পাশাপাশি তাঁরা গোপনে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
