সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
মানিকগঞ্জে ‘ব্যাটারি চুরি করতে গিয়ে’ ধরা পড়ল জামাই, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু
daily-fulki

মানিকগঞ্জে ‘ব্যাটারি চুরি করতে গিয়ে’ ধরা পড়ল জামাই, ধস্তাধস্তিতে শ্বশুরের মৃত্যু

 


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জ সদর উপজেলায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে মেয়ের জামাইকে আটক করতে গিয়ে সিদ্দিকুর রহমান (৪৮) নামে এক ব্যক্তি মারা গেছেন।
 

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ব্যাটারি চুরির সময় জামাইয়ের সঙ্গে ধস্তাধস্তির একপর্যায়ে আঘাত পেয়ে তার মৃত্যু হয়। তবে ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দেখা হচ্ছে।
রবিবার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় এ ঘটনা ঘটে।


পুলিশ ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রাতে সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে তার মেয়ের জামাই রাসেল সেখানে যান বলে অভিযোগ উঠেছে। এ সময় শব্দ শুনে সিদ্দিকুর রহমান ও তার ছেলে ঘর থেকে বের হয়ে আসেন। অন্ধকারে চোর সন্দেহে তারা রাসেলকে আটক করেন। পরে তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।


পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ধস্তাধস্তির একপর্যায়ে রাসেলের আঘাতে সিদ্দিকুর রহমান গুরুতর আহত হন। স্থানীয়দের দাবি, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়লে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে রাসেলকে আটক করেন। পরে তাকে মারধর করা হয় বলে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাসেলকে স্থানীয়দের কাছ থেকে উদ্ধার করে হেফাজতে নেয়। গণপিটুনিতে আহত রাসেলকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, অটোরিকশার ব্যাটারি চুরির সময় এক ব্যক্তির সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় সিদ্দিকুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি বলেন, চুরির সময় আঘাতের ঘটনায় তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।


ওসি আরও বলেন, আহত রাসেল নিহতের মেয়ের জামাই। তাকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

সর্বাধিক পঠিত