মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার রাত থেকে জেলার বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, বিস্ফোরক দ্রব্য আইন, সন্ত্রাসবিরোধী আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রয়েছে। সদর, সিঙ্গাইর, সাটুরিয়া, শিবালয় ও দৌলতপুর উপজেলায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়ন আওয়ামী লীগের ৭ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক মো. এরশাদ হোসেন (৫৪) এবং সিঙ্গাইর উপজেলার চান্দহর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাবান আলী সরদার (৩৮)।
সিঙ্গাইর থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদস্য ইমন আহমেদ (২৩), রবিন শেখ (২৪) ও নজরুল ইসলাম (২০)কে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাটুরিয়ায় গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহিনুর ইসলাম (৩৯), তিল্লী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো. মনির হোসেন (৫৩), কৃষি ও সমবায়বিষয়ক সম্পাদক আব্দুল আওয়াল আনসারী (৪৭), তিল্লী ইউনিয়ন যুবলীগের সদস্য মো. রফিক মিয়া (৪৫) এবং সাটুরিয়া ইউনিয়ন যুবলীগের সদস্য সরকার কবির উদ্দিন (৬১)। এছাড়া পূর্ব শিমুলিয়া এলাকার মো. সুজন মিয়া (৩৫)কেও গ্রেপ্তার করা হয়েছে।
শিবালয় উপজেলায় আরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও ইউপি সদস্য মুন্সি আপেল মাহমুদ (৫০)কে গ্রেপ্তার করা হয়।
দৌলতপুরে গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন চকমিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের কোষাধ্যক্ষ মো. আরিফুল ইসলাম (৩৮), ধামশুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. রাশেদ মিয়া (৪৬) এবং দৌলতপুর থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি মো. শহীদুল ইসলাম (রশিদ) (৩৩)।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর তদন্ত চলছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
