স্টাফ রিপোর্টার : অপু বিশ্বাসের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে বড় পর্দায় আসার অপেক্ষায় ছিলেন মর্তুজা পলাশ। নেপালে ২৫ দিনের বেশি সময় ধরে শুটিংও হয়েছে ‘শিকার’ সিনেমার। কিন্তু দেশে ফেরার পর হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যাওয়ায় থমকে গেছে সিনেমাটির পরবর্তী কাজ। ফলে শুধু নায়ক নয়, অনিশ্চয়তায় পড়েছে অপু বিশ্বাস অভিনীত নতুন সিনেমাটির ভবিষ্যৎও।
গত আগস্টে নেপালে শুরু হয় ‘শিকার’ সিনেমার শুটিং। সীমান্তবর্তী এলাকার গল্পকে কেন্দ্র করে নির্মিত এই থ্রিলার সিনেমার বড় একটি অংশের দৃশ্যধারণ শেষ করে দেশে ফেরে টিম। নেপালে আকস্মিক বন্যার কারণে ২৮ আগস্ট দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মর্তুজা পলাশকে গ্রেপ্তার করে পুলিশ।
সম্প্রতি জানা যায়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পারভেজ ব্যাপারী হত্যা মামলার এজাহারনামীয় আসামি পলাশ। গ্রেপ্তারের পর তাঁকে এক দিনের রিমান্ডে নেয় সিআইডি। ১৪ সেপ্টেম্বর রিমান্ড শেষে আদালতে দেওয়া প্রতিবেদনে সিআইডি জানায়, হত্যাকাণ্ডের বিষয়ে পলাশের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পরে ঢাকার সিএমএম আদালত তাঁকে কারাগারে আটক রাখার নির্দেশ দেন।
এই পরিস্থিতিতেই আটকে গেছে ‘শিকার’ সিনেমার পরবর্তী শুটিং পরিকল্পনা। আগামী অক্টোবরেই এসব কাজ শেষ করার পরিকল্পনা ছিল নির্মাতা কামরুজ্জামান রোমানের। কিন্তু নায়ক কারাগারে থাকায় আপাতত চূড়ান্ত করা যাচ্ছে না শুটিংয়ের সময়সূচি। ফলে সিনেমাটি কবে শেষ হবে, এমনকি নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী মুক্তি সম্ভব হবে কি না—তা নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।
নির্মাতা গণমাধ্যমে বলেন, ‘নায়ক কারাগারে থাকায় এখনো চূড়ান্ত শিডিউল করা যাচ্ছে না। জানতে পেরেছি, উনি আইনিভাবে বিষয়টি মোকাবিলা করছেন। প্রযোজনা প্রতিষ্ঠান আশা করছে, শিগগির তিনি ছাড়া পাবেন। যদি এমনটা না হয়, তাহলে অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই।‘
শুধু অভিনয় নয়, ‘শিকার’ সিনেমার প্রযোজনার সঙ্গেও যুক্ত রয়েছেন মর্তুজা পলাশ। তাঁর কারাবন্দিত্বে তাই সিনেমাটির শুটিংয়ের পাশাপাশি প্রযোজনা সংক্রান্ত কাজ নিয়েও তৈরি হয়েছে বাড়তি অনিশ্চয়তা। এ বিষয়ে পলাশের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।
একদিকে হত্যা মামলায় নায়ক কারাগারে, অন্যদিকে সিনেমার গুরুত্বপূর্ণ কিছু কাজ এখনো বাকি। সব মিলিয়ে ‘শিকার’-এর গল্প এখন শুধু পর্দার থ্রিলারে আটকে নেই; বাস্তব পরিস্থিতিও সিনেমাটির নির্মাণ ও মুক্তির পথকে অনিশ্চিত করে তুলেছে।
