বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কাশিমপুর কারাগার ভেঙে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিংগাইরে গ্রেপ্তার
daily-fulki

কাশিমপুর কারাগার ভেঙে পালানো মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সিংগাইরে গ্রেপ্তার


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যাওয়া আসামি সোহেল রানাকে (৩৮) গ্রেপ্তার করেছে র‌্যাব-৪।


কারওয়ান বাজারের এসআরবি মিডিয়া সেন্টারে বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ব্যাটালিয়নটির অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান।


তিনি জানান, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিংগাইর থানার আজিমপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
লে. কর্ণেল হাফিজুর রহমান বলেন, সোহেল রানা ২০২৪ সালের ৬ আগস্ট দেশের অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নিয়ে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার ভেঙে এবং কারারক্ষীদের আহত করে পালিয়ে যায়। এরপর দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল সে।


সোহেল রানাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এসআরবি এর এই কর্মকর্তা বলেন, নিহত মো. জহির (২০) তার প্রতিবেশী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল। জহিরের সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ী মো. সুলতানের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। একপর্যায়ে সুলতান সোহেল রানাসহ কয়েকজনকে নিয়ে জহিরকে সাভারের হেমায়েতপুরে ঘুরতে যাওয়ার কথা বলে নিয়ে যায়। ফেরার পথে পরিকল্পিতভাবে জহিরকে হত্যা করা হয়।


র‌্যাব কর্মকর্তা হাফিজুর রহমান বলেন, হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে জহিরের লাশ ছয় টুকরো করে পাশের নদীর বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়। এ ঘটনায় জহিরের বাবা বাদী হয়ে সিংগাইর থানায় হত্যা মামলা করেন।


মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে ২০১৯ সালে আদালত সোহেল রানাকে মৃত্যুদণ্ড দেন। এরপর তাকে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।


গ্রেপ্তার সোহেল রানার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

সর্বাধিক পঠিত