ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি : ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জের নবগ্রাম এলাকায় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস পাশের খাদের পানিতে পড়ে গেছে। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর ৪-৫ জনকে উথুলী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ২৮ জন যাত্রী নিয়ে হানিফ পরিবহনের বাসটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। নবগ্রাম এলাকায় পৌঁছালে বাসটি সামনে থাকা একটি গাড়িকে ওভারটেক করার চেষ্টা করে। এ সময় চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি মহাসড়কের পাশের খাদে পড়ে যায়। এতে বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। ফায়ার সার্ভিসের সদস্য মো. জাহিদুল ইসলাম বলেন, বেলা সাড়ে ১১টার দিকে দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছান। পরে আহত যাত্রীদের উদ্ধার করে উথলী স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
