মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় ব্যক্তিগত জমিতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মুজিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টারদিকে উপজেলার তিল্লি ইউনিয়নের আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে এক লাখ টাকা দণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আকাশী পূর্বপাড়া এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ব্যক্তিগত জমি থেকে যন্ত্রের সাহায্যে বালু উত্তোলনের প্রমাণ পাওয়ায় মুজিবুর রহমানকে আটক করা হয়। পরে তাঁকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়। মুজিবুর রহমান ওই এলাকার ময়নাল হকের ছেলে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল ইসলাম বলেন, অভিযানকালে তাঁকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে তাঁকে দোষী সাব্যস্ত করে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে।
