সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সদ্য যোগদানকারী সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন। রোববার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে সিংগাইর প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির বলেন, “সাধারণ জনগণের জন্য আমার দরজা সব সময় উন্মুক্ত। এখন আমার কক্ষে প্রবেশের জন্য কোনো অনুমতির প্রয়োজন নেই। সেবা প্রত্যাশীরা যখন ইচ্ছা জুতা পায়ে আমার কক্ষে প্রবেশ করতে পারবেন।” ইতোমধ্যে বিষয়টি জানিয়ে তার অফিস কক্ষের সামনে নোটিশও জারি করা হয়েছে বলে জানান তিনি।
সভায় সাংবাদিকরা সিংগাইর উপজেলার বিভিন্ন সমস্যা ও জনদুর্ভোগের বিষয় তুলে ধরেন। এর মধ্যে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটা বন্ধে কার্যকর পদক্ষেপ, স্কুল-কলেজের সামনে ইভটিজারদের অবাধ বিচরণ রোধ, বাজার মনিটরিং জোরদার, যানজট নিরসন এবং মাদকসেবীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।এ সময় সেবা প্রত্যাশীদের অভিযোগ ও সমস্যা সরাসরি শুনতে সপ্তাহে একদিন গণশুনানির আয়োজনের আহ্বান জানান সাংবাদিকরা। পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা এবং উপজেলা প্রশাসনের বিভিন্ন ইতিবাচক কর্মকাণ্ডের তথ্য দ্রুত ও অবাধে সাংবাদিকদের সরবরাহেরও দাবি জানানো হয়।
নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির সাংবাদিকদের এসব প্রস্তাব ও দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন। তিনি উপজেলার জনসেবা ও প্রশাসনিক কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন এবং পারস্পরিক সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন - সিংগাইর প্রেসক্লাবের সভাপতি মো. সোহরাব হোসেন, সাধারণ সম্পাদক রকিবুল হাসান বিশ্বাস, টাইমস অব বাংলাদেশের জেলা প্রতিনিধি ও দৈনিক ফুলকির স্টাফ রিপোর্টার মাসুম বাদশাহ এবং দৈনিক জবাবদিহির উপজেলা প্রতিনিধি মো. সিরাজুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন -আমার দেশ-এর প্রতিনিধি মো. আব্দুল মোতালেব, দৈনিক মানবজমিনের প্রতিনিধি আতাউর রহমান, দৈনিক মানবকণ্ঠের প্রতিনিধি মো. মোস্তাক আহমেদ, দৈনিক বাংলা বাজারের প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক নিরপেক্ষের প্রতিনিধি পীর মো. ইয়াকুব মোল্লা, দৈনিক জনতার প্রতিনিধি মো. রিপন হোসেন ও উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো: আবু সাঈদ।
উল্লেখ্য, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. আল-আমিন কবির এর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় কর্মরত ছিলেন। ৪০তম বিসিএসের প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবনের শুরুতে তিনি টাঙ্গাইল জেলা প্রশাসকের কার্যালয়ে এনডিসি হিসেবে দায়িত্ব পালন করেন। সহকারী কমিশনার হিসেবে সিংগাইর উপজেলা তার দ্বিতীয় কর্মস্থল। মো. আল-আমিন কবিরের জন্মস্থান রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায়।
