স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে নেতাকর্মীদের ঢল নেমেছে।
তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের পর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীতে অতীতের যেকোনও সময়ের চেয়ে এবার নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে মন্ত্রিসভার সদস্য ও বিএনপির সিনিয়র নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
এর আগে সেখানে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, সালাহ উদ্দিন আহমদ, সেলিমা রহমান, গয়েশ্বর চন্দ্র রায়, আমান উল্লাহ আমান, ইসমাইল জবিউল্লাহ, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি ও হাবিব উন নবী খান সোহেলসহ শীর্ষ নেতারা দলীয় প্রধানকে অভ্যর্থনা জানান।
তবে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জিয়া উদ্যানের আশপাশে সমবেত হন কয়েক হাজার নেতাকর্মী। আগে থেকে সেখানে কোরআন তেলাওয়াতের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন করার পর একে একে মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি, কেন্দ্রীয় যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মহিলা দল ও মুক্তিযোদ্ধা দলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের পক্ষে আলাদা আলাদা ব্যানারে মিছিল আসতে থাকে। পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
