স্টাফ রিপোর্টার : সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৯ আগস্ট) সকাল ও সন্ধ্যায় সাভারের মল্লিকারটেক এবং আশুলিয়ার জিরানী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, সাভার পৌরসভার পোড়াবাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত লালু মিয়ার ছেলে মো. এমরান মিয়া (৪০), সাভার পৌরসভার বাড্ডা বাটপাড়া এলাকার মো. বাবুল মোল্লার ছেলে মো. শরিফুল ইসলাম (৪০), ধামরাইয়ের গোলাইল এলাকার মৃত আব্দুল বাছেদের ছেলে মো. সুমন আলী (৪৫) এবং ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানার সুন্দরপুর এলাকার মো. মোসলেমের ছেলে মো. ছানোয়ার হোসেন (২৪)। ছানোয়ার বর্তমানে আশুলিয়ার টেংগুরী এলাকায় সুফিয়ানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
ডিবি পুলিশ জানায়, রোববার সকাল সাড়ে ১০টার দিকে সাভার মডেল থানাধীন মল্লিকারটেক এলাকায় অভিযান চালায় ঢাকা জেলা উত্তর ডিবির একটি দল। এ সময় এমরান মিয়া ও শরিফুল ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অন্যদিকে, একই দিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের দিকে আশুলিয়া থানাধীন জিরানী এলাকায় অভিযান চালিয়ে সুমন আলী ও ছানোয়ার হোসেনকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ চারজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।
