মঙ্গলবার, ৪ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয় : ডিসি ফরিদা
daily-fulki

প্রতিবন্ধিতা যেন স্বপ্নের পথে বাধা না হয় : ডিসি ফরিদা


স্টাফ রিপোর্টার : প্রতিবন্ধিতা যেন কোনো মানুষের স্বপ্ন, সম্ভাবনা ও এগিয়ে যাওয়ার পথে বাধা হয়ে না দাঁড়ায়, সে জন্য সমাজের সব পর্যায়ে সমান সুযোগ ও অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।


মঙ্গলবার (৪ আগস্ট) ঢাকা জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতিবন্ধী ব্যক্তিদের অংশীজন সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।


জেলা প্রশাসক বলেন, একটি রাষ্ট্র ও সমাজের উন্নয়ন তখনই অর্থবহ ও টেকসই হয়, যখন সেই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যায়। প্রতিবন্ধী ব্যক্তিরা আমাদের সমাজের কোনো বিচ্ছিন্ন অংশ নন। তারা আমাদেরই নাগরিক, আমাদেরই স্বজন এবং আমাদের উন্নয়নযাত্রার অবিচ্ছেদ্য অংশ। তাই তাদের পেছনে রেখে কোনো উন্নয়নই পূর্ণাঙ্গ উন্নয়ন হতে পারে না।


তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের প্রয়োজন করুণা নয়, অধিকার; অনুকম্পা নয়, সমান সুযোগ; দয়া নয়, মর্যাদা। তাদের শিক্ষা গ্রহণের সুযোগ, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান, সামাজিক নিরাপত্তা এবং সমাজের প্রতিটি ক্ষেত্রে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।


সভার আয়োজকদের ধন্যবাদ জানিয়ে ফরিদা খানম বলেন, মানুষের জন্য ফাউন্ডেশনের সার্বিক সহায়তায় পরিচালিত দুই বছরব্যাপী প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট সব সংগঠনের উদ্যোগ প্রশংসনীয়। সিএসআইডি, সুইড বাংলাদেশ, বি-স্ক্যান, আমডা বাংলাদেশ এবং অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, মর্যাদা ও ক্ষমতায়নের জন্য কাজ করে যাচ্ছে।


সভায় উপস্থাপিত সচিত্র প্রতিবেদন, অভিজ্ঞতা ও সুপারিশকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে কোনো সিদ্ধান্ত তাদের বাদ দিয়ে নয়, বরং তাদের সঙ্গে নিয়েই গ্রহণ করতে হবে। কারণ তাদের সমস্যা, প্রয়োজন ও সম্ভাবনাকে সবচেয়ে ভালোভাবে তারাই তুলে ধরতে পারেন।


জেলা প্রশাসক বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সুরক্ষায় সংবিধান, আইন ও নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। তবে শুধু আইন ও নীতিমালা প্রণয়ন নয়, এর কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।


তিনি সার্বজনীন প্রবেশগম্যতা  নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, গণপরিবহন, ফুটপাত, বিনোদনকেন্দ্রসহ সব জনসাধারণের ব্যবহারের স্থাপনা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজে ব্যবহারযোগ্য করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
 

সর্বাধিক পঠিত