# ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে ৫% প্রণোদনা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-03
- **বিভাগ (Category)**: অর্থনীতি
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/30-septembrer-mdhze-ritarn-dile-5-prnodna](https://dailyfulki.com/article/30-septembrer-mdhze-ritarn-dile-5-prnodna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9995.md](https://dailyfulki.com/news/9995.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে স্বাভাবিক ব্যক্তি ও হিন্দু অবিভক্ত পরিবার করদাতারা আয়কর রিটার্ন জমা দিলে পরিশোধযোগ্য করের ৫ শতাংশ হারে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন। গতকাল রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রিটার্ন দাখিল করলে কোনো ছাড় পাওয়া যাবে না। নতুন বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) দাখিল করলে করদাতাকে প্রযোজ্য করের দুই শতাংশ বা তিন হাজার টাকার মধ্যে যেটি বেশি, সে পরিমাণ অতিরিক্ত অর্থ পরিশোধ করতে হবে। আর এপ্রিল-জুন প্রান্তিকে দাখিল করলে প্রযোজ্য করের ৫ শতাংশ বা পাঁচ হাজার টাকার মধ্যে যেটি বেশি সেই পরিমাণ অর্থ।

এনবিআর আশা করছে, নির্ধারিত সময়ের শুরুতেই রিটার্ন দাখিলে কর প্রণোদনা দেওয়ার ফলে অধিক সংখ্যক করদাতা সময়মতো রিটার্ন দাখিলে উৎসাহিত হবেন। কর পরিপালনের সংস্কৃতি আরও শক্তিশালী হবে এবং কর প্রশাসনের কার্যক্রম অধিক দক্ষ ও সুশৃঙ্খল হবে।

গত ২২ জুলাই থেকে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ২০২৬-২৭ করবর্ষের ই-রিটার্ন সেবা চালু করেছে এনবিআর। www.etaxnbr.gov.bd পোর্টালের মাধ্যমে ঘরে বসে রিটার্ন দাখিল এবং ব্যাংক ট্রান্সফার, ডেবিট-ক্রেডিট কার্ড, বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন ডিজিটাল মাধ্যমে কর পরিশোধের সুযোগ রয়েছে। সঠিক তথ্য দিয়ে রিটার্ন দাখিলের পরপরই মেলে প্রাপ্তিস্বীকারপত্র ও আয়কর সনদ। কারিগরি সমস্যায় অফিস সময়ে কল সেন্টারে (০৯৬৪৩৭১৭১৭১) যোগাযোগের সুযোগও রেখেছে সংস্থাটি।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
