# সিংগাইরে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-02
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgaire-srkari-jayga-dkhl-kre-dokan-nirmaner-ovizog](https://dailyfulki.com/article/singgaire-srkari-jayga-dkhl-kre-dokan-nirmaner-ovizog)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9978.md](https://dailyfulki.com/news/9978.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ঐতিহ্যবাহী বলধারা বাজারে সরকারি জায়গা দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে।
স্থানীয়দের অভিযোগ, গত শুক্রবার সরকারি ছুটির দিনে উপজেলার বেরুন্ডি গ্রামের আব্দুল জলিল সরকারি জায়গায় থাকা একটি পরিত্যক্ত টয়লেট ভেঙে নিজের দোকানের সঙ্গে সংযুক্ত করে নতুন ঘর নির্মাণ শুরু করেন। ঘটনাটি ঘিরে স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সিংগাইর উপজেলার বলধারা একটি ঐতিহ্যবাহী বাজার। বাজারটির প্রায় ১২ বিঘা জমি রয়েছে। অভিযোগ রয়েছে, বাজারের সরকারি জমির একটি বড় অংশ দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তি অবৈধভাবে দখল করে রেখেছেন।

অভিযোগ অনুযায়ী, বাজারে আগে থেকেই একটি কুড়া-ভুসির দোকান রয়েছে আব্দুল জলিলের। শুক্রবার তিনি বাজারের সরকারি জায়গায় অবস্থিত পরিত্যক্ত টয়লেটটি ভেঙে ফেলে সেখানে নতুন একটি ঘর নির্মাণ শুরু করেন।

স্থানীয় বাসিন্দা মো. আব্দুল বলেন, ‘দিনদুপুরে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ করা হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। সরকারি সম্পত্তি রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কঠোর ভূমিকা প্রয়োজন।’

এলাকার আরও কয়েকজন ব্যবসায়ী ও বাসিন্দা বলেন, সরকারি জমি ব্যক্তিগতভাবে দখল করে স্থাপনা নির্মাণের প্রবণতা বাড়তে থাকলে ভবিষ্যতে বাজারের স্বাভাবিক পরিবেশ ও শৃঙ্খলা বিঘ্নিত হবে। তারা বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

অভিযোগের বিষয়ে আব্দুল জলিলের বক্তব্য জানতে একাধিকবার চেষ্টা করা হলেও তাঁর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
বলধারা ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা কুদ্দুস রহমান বলেন, ‘সরকারি জায়গা দখলের বিষয়টি জানতে পেরেছি। আব্দুল জলিলকে দুই দিনের মধ্যে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তিনি জায়গাটি ছেড়ে না দিলে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে সিংগাইর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। সরকারি জায়গা দখলের অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
