# প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্রের বিশেষ দূতের সাক্ষাৎ

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-08-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/prdhanmntreer-sngoe-zuktrashtrer-bisesh-duuter-sakshatt](https://dailyfulki.com/article/prdhanmntreer-sngoe-zuktrashtrer-bisesh-duuter-sakshatt)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9947.md](https://dailyfulki.com/news/9947.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গোর। সাক্ষাৎকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় হয়।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টার পর প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এ সাক্ষাৎ হয়।

সাক্ষাতের পর এক্স-এর এক বার্তায় সার্জিও গোর লিখেছেন, ‘আজ আমি মাননীয় প্রধানমন্ত্রী রাহমানের সঙ্গে সাক্ষাতে মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি এবং আমাদের অংশীদারিত্বকে আরো দৃঢ় করার জন্য বিদ্যমান চমৎকার সুযোগ নিয়ে আলোচনা করেছি। তা মার্কিন যুক্তরাষ্ট্রের একটি অগ্রাধিকার এবং একসঙ্গে কাজ করলে আমরা বাস্তব সাফল্য অর্জন করতে পারব।’

পরে বিশেষ দূত সার্জিও গোরের বক্তব্যটি ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিসিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করা হয়।

এর আগে গত ৩০ জুলাই ঢাকায় পৌঁছান সার্জিও গোর। সফরের প্রথম দিনে সার্জিও গোর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করেন। পরে গতকাল কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন।

এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর এক পোস্টে সার্জিও গোর বলেন, ‘আমার প্রথম বাংলাদেশ সফরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করতে পারা এবং যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্ক জোরদারে একসঙ্গে কাজ করার বিষয়ে আলোচনা করাটা ছিল দারুণ।

অনেক ইতিবাচক অগ্রগতি।’

তা ছাড়া বাংলাদেশের জন্য ভ্রমণসতর্কতা কমানোর সুখবর দিয়ে এক্সে দেওয়া আরেক বার্তায় সার্জিও গোর লিখেন, ‘আজ সন্ধ্যায় আমি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে জানিয়েছি যে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট মাঠপর্যায়ের স্থিতিশীল পরিস্থিতি বিবেচনায় নিয়েছে এবং বাংলাদেশকে ভ্রমণের জন্য অধিকতর নিরাপদ বলে মনে করেছে। সেই অনুযায়ী, যুক্তরাষ্ট্রের সামগ্রিক ভ্রমণ লেভেল তিন থেকে কমিয়ে লেবেল দুইয়ে নামিয়ে আনা হয়েছে। কয়েকটি নির্দিষ্ট এলাকায় অতিরিক্ত বিধিনিষেধ রয়েছে এবং সেগুলো এড়িয়ে চলা উচিত। দারুন খবর।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
