# ধামরাইয়ে ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-29
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-damp-traker-capay-dui-skulchatr-niht](https://dailyfulki.com/article/dhamraye-damp-traker-capay-dui-skulchatr-niht)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9891.md](https://dailyfulki.com/news/9891.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে মাটিবাহী একটি ডাম্প ট্রাকের চাপায় দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় আরও এক কিশোর আহত হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (২৯ জুলাই) বিকেলে ধামরাই পৌরসভার আইঙ্গন সেতু এলাকায় ধামরাই-কালিয়াকৈর বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো, ধামরাই উপজেলার কুল্লা ইউনিয়নের লাড়ুয়াকুণ্ডু এলাকার মোহাম্মদ আলীর ১৪ বছর বয়সি ছেলে মহিম ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে ১৫ বছর বয়সি অনিক। তারা সাভার ল্যাবরেটরি স্কুলের শিক্ষার্থী। আহত আতাউল্লাহ কুল্লা ইউনিয়নের কাতর বাইল্লা গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে একটি মাটিবাহী ডাম্প ট্রাক আইঙ্গন সেতু এলাকা দিয়ে কালিয়াকৈরমুখী লেন দিয়ে যাচ্ছিল। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশা ট্রাকটিকে অতিক্রম করার চেষ্টা করে। অটোরিকশার পেছনে থাকা তিন আরোহী নিয়ে একটি মোটরসাইকেলও ট্রাকটিকে অতিক্রম করতে গেলে সেটি ট্রাকের সামনে চলে আসে। তখন ডাম্প ট্রাকটি পেছন থেকে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলসহ তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। পরে ট্রাকটি তাদের পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনাস্থলেই মহিম ও অনিকের মৃত্যু হয়। গুরুতর আহত আতাউল্লাহকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) নান্নু মণ্ডল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় দুইজনের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যরা নিয়ে গেছেন। আলামত জব্দ করা হয়েছে। ঘাতক ট্রাক জব্দ ও চালককে আটক চেষ্টা চলছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
