# ক্যান্টন ফেয়ার উপলক্ষে বাংলাদেশিদের জন্য সহজ হলো চীনের ভিসা প্রক্রিয়া

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-28
- **বিভাগ (Category)**: বিশ্ব
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/kzantn-feyar-uplkshe-bangladesider-jnz-shj-hlo-ceener-visa-prkriya](https://dailyfulki.com/article/kzantn-feyar-uplkshe-bangladesider-jnz-shj-hlo-ceener-visa-prkriya)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9864.md](https://dailyfulki.com/news/9864.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 বাংলাদেশি ব্যবসায়ী ও দর্শনার্থীদের জন্য ১৪০তম চীন ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট ফেয়ার (ক্যান্টন ফেয়ার) উপলক্ষে ভিসা প্রক্রিয়া সহজ করার ঘোষণা দিয়েছে ঢাকায় চীনা দূতাবাস।

মঙ্গলবার (২৮ জুলাই) দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৫ অক্টোবর থেকে ৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত চীনের গুয়াংজুতে তিন ধাপে অনুষ্ঠিত হবে ১৪০তম ক্যান্টন ফেয়ারের অনসাইট প্রদর্শনী। এতে অংশ নিতে আগ্রহী বাংলাদেশি আবেদনকারীদের জন্য বিশেষ ভিসা সুবিধা চালু করা হয়েছে।

দূতাবাস জানায়, ক্যান্টন ফেয়ার ভিসার জন্য আবেদনকারীদের ১৪০তম ক্যান্টন ফেয়ারের অফিসিয়াল আমন্ত্রণপত্রই ভিসা আবেদনের একমাত্র বাধ্যতামূলক নথি হিসেবে জমা দিতে হবে।

তবে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে আবেদনকারীরা চাইলে অনলাইন আবেদনের সঙ্গে অতিরিক্ত সহায়ক নথি হিসেবে পূর্ববর্তী ভিসা, ভ্রমণের রেকর্ড এবং প্রতিষ্ঠানের গ্যারান্টি লেটার সংযুক্ত করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অসম্পূর্ণ বা ভুল তথ্যসম্বলিত আবেদন গ্রহণ করা হবে না। প্রয়োজনে সংশোধনের জন্য আবেদন ফেরত পাঠানো হতে পারে। তাই ভ্রমণ পরিকল্পনায় জটিলতা এড়াতে আবেদনকারীদের অনলাইন আবেদনপত্র সম্পূর্ণ ও নির্ভুল তথ্য দিয়ে পূরণের পরামর্শ দেওয়া হয়েছে।

চীনা দূতাবাস সতর্ক করে জানিয়েছে, ভুয়া বা পরিবর্তিত আমন্ত্রণপত্র, মিথ্যা তথ্য কিংবা জাল নথি জমা দিলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতের ভিসা আবেদনেও এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে আবেদনকারীদের নিজেদের ভিসা আবেদনপত্র নিজেরাই পূরণ করার আহ্বান জানিয়েছে দূতাবাস।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
