# মানিকগঞ্জের বিয়ের প্রলোভনে ব্ল্যাকমেলের অভিযোগ, গৃহবধূর আত্মহত্যায় গ্রেপ্তার ১

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-26
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnjer-biyer-prlovne-blzakmeler-ovizog-grrihbdhuur-atmhtzay-greptar-1](https://dailyfulki.com/article/manikgnjer-biyer-prlovne-blzakmeler-ovizog-grrihbdhuur-atmhtzay-greptar-1)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9822.md](https://dailyfulki.com/news/9822.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার কলিয়া ইউনিয়নে বিয়ের প্রলোভনে প্রতারণা, ব্ল্যাকমেইল ও অর্থ আদায়ের অভিযোগকে কেন্দ্র করে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনায় দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৫ জুলাই) তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারে অভিযান চলছে।

গত ২০ জুলাই ওই গৃহবধূর (২৮) বাবা বাদী হয়ে দৌলতপুর থানায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা করেন। মামলায় তালুকনগর গ্রামের শাকিল (৩০), সুবল (২৭) ও ইব্রাহিম ওরফে ইনহানকে (৬০) আসামি করা হয়।

মামলার এজাহার অনুযায়ী, প্রায় ১২ বছর আগে একই গ্রামের এক প্রবাসীর সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তাঁদের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। প্রায় দুই বছর আগে প্রতিবেশী শাকিল বিয়ের আশ্বাস দিয়ে ওই নারীর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে ঢাকায় সংসার করার প্রলোভন দেখিয়ে তাঁর কাছ থেকে প্রায় দুই লাখ টাকা নেন। পরে বিয়ে করতে অস্বীকৃতি জানান।

এজাহারে আরও অভিযোগ করা হয়, শাকিল শারীরিক সম্পর্কের ভিডিও ধারণ করে তা প্রকাশের ভয় দেখিয়ে বিভিন্ন সময় ওই নারীর কাছ থেকে অর্থ আদায় করেন। অভিযুক্ত শাকিল তালুকনগর গ্রামের ইনসান পীরের ছেলে। পরে বিয়ের দাবিতে ওই নারী শাকিলের বাড়িতে গেলে তাকে অপমান করে ফিরিয়ে দেওয়া হয় বলেও এজাহারে উল্লেখ করা হয়েছে।

ঘটনাকে কেন্দ্র করে গত ১৮ জুলাই তালুকনগর গ্রামের এক ব্যক্তির বাড়িতে স্থানীয়ভাবে একটি সালিশ অনুষ্ঠিত হয়। সালিশে ডক্টর আলমগীর, ইউপি সদস্য শরিফ ইসলাম লালন, আলেক, হাবেল, জলিল, শামসুল, রবিজ্জল, সুরমান, আলিম, আনোয়ার, আলম ও সিরাজুল উপস্থিত ছিলেন। নিহতের পরিবারের অভিযোগ, সালিশে নিরপেক্ষ বিচার না হয়ে অভিযুক্তদের পক্ষ নেওয়া হয়। এতে ভুক্তভোগী নারী মানসিকভাবে ভেঙে পড়েন।

পরিবারের সদস্যদের ভাষ্য, সালিশের পরদিন ১৯ জুলাই রাত দেড়টা থেকে ভোর চারটার মধ্যে কোনো এক সময় বাড়ির রান্নাঘরের পাশে শাড়ি দিয়ে গলায় ফাঁস দেন ওই নারী। খবর পেয়ে দৌলতপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে দায়ের করা মামলায় এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একই সঙ্গে ঘটনার সব দিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
