# আশুলিয়ায় ছাত্র হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৯

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-02
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-chatr-htza-mamlar-asamish-greptar-9](https://dailyfulki.com/article/asuliyay-chatr-htza-mamlar-asamish-greptar-9)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/978.md](https://dailyfulki.com/news/978.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় বিশেষ অভিযান পরিচালনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতের স্বজনের দায়ের করা মামলার আসামিসহ ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শনিবার (২ আগস্ট) দুপুরে আসামিদের আদালতে পাঠানো হয়েছে। এর আগে গত ২৪ ঘন্টায় আশুলিয়ার বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন-আশুলিয়ার জিরানীবাজারের কলতাসূতি ঢালীবাড়ী এলাকার জয়নাল আবেদীনের ছেলে ও সাভার উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, আশুলিয়া থানা আওয়ামী লীগের সদস্য মো. সেলিম কবির (৫০)। তিনি ছাত্র-জনতা হত্যা মামলার এজাহারনামীয় আসামি। এছাড়া আওয়ামী লীগের কর্মী ও আশুলিয়ার কুমকুমারী এলাকার মৃত হাজী বিল্লাল মৃধার ছেলে হাজী মোশাররফ মৃধা (৪৮), আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কুরগাঁও সোসাইটি এলাকার মৃত আহম্মেদ সাইদ মিয়ার ছেলে মোঃ মিলন মিয়া (৪০)। 

এছাড়া ৪ কেজি ২০০ গ্রাম গাঁজা ও ৫ লিটার দেশীয় মদসহ কুমিল্লা জেলার বুড়িচং থানার পাহাড়পুর মাষ্টারবাড়ী গ্রামের মো. বাদশা ফকিরের ছেলে মো. রহিম (৫০), রহিমের স্ত্রী মোসা. নাসিমা বেগম (৪৫), মো. লোকমানের ছেলে মো সেলিম (৪৫), নাসির আহম্মেদের ছেলে মো. আহাদ আহম্মেদ জিসান (২৩)।

পুলিশ জানায়, আশুলিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাত্র হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগের অর্থ জোগানদাতা মো. সেলিম কবির, আ. লীগের সক্রিয়কর্মী হাজী মোশাররফ মৃধা ও মো. মিলন মিয়াকে গ্রেপ্তার করা হয়। 

আশুলিয়া থানার পরিদর্শক (ওসি) আব্দুল হান্নান বলেন, আশুলিয়ার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ছাত্র-হত্যা মামলার আসামিসহ ৯ জন আসামিকে গ্রেপ্তার করা হয়। দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
