# এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-14
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/eicessir-pdarthbijngan-prsne-truti-thakle-puurn-nmbr-dewa-hbe-antsiksha-bord](https://dailyfulki.com/article/eicessir-pdarthbijngan-prsne-truti-thakle-puurn-nmbr-dewa-hbe-antsiksha-bord)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9573.md](https://dailyfulki.com/news/9573.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : চলমান এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ত্রুটি থাকলে পুরো নম্বর দেওয়া হবে বলে জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি।

কমিটি বলছে, পর্যালোচনায় পদার্থবিজ্ঞান প্রথম পত্রের প্রশ্নে কোনো ত্রুটি প্রমাণিত হলে পরীক্ষার্থীদের স্বার্থ সংরক্ষণ করে প্রয়োজনে ওই দুটি প্রশ্নের জন্য ‘পূর্ণ নম্বর’ দেওয়া হবে।

সোমবার (১৩ জুলাই) আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান এইচএসসি ও সমমানের পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্ন সম্পর্কে বিভিন্ন মাধ্যমে উত্থাপিত বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ড অবগত রয়েছে। বোর্ড কর্তৃপক্ষ এই বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা শুরু করেছে।

পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি স্পষ্ট করেছে, পর্যালোচনায় যদি সংশ্লিষ্ট কোনো প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি প্রমাণিত হয়, তবে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী পরীক্ষার্থীদের স্বার্থ সম্পূর্ণভাবে সংরক্ষণ করা হবে। শিক্ষার্থীরা যাতে কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয়, সে লক্ষ্যে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে এবং প্রয়োজনে ওই প্রশ্ন দুটির জন্য পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে।

এ বিষয়ে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে উদ্বিগ্ন না হতে পরীক্ষার্থী, অভিভাবকসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
