# বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-12
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/brrishti-kmbe-kbe-janal-abhawa-odhidptr](https://dailyfulki.com/article/brrishti-kmbe-kbe-janal-abhawa-odhidptr)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9542.md](https://dailyfulki.com/news/9542.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে কয়েকদিন ধরে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টিতে দুর্ভোগ নেমেছে জনজীবনে। রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমে তৈরি হয়েছে জলাবদ্ধতা। চট্টগ্রাম ও কক্সবাজার জেলার কয়েকটি উপজেলায় বন্যা দেখা দিয়েছে।  

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রোববারও দেশের আট বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে। তবে বৃষ্টির প্রবণতা সোমবার (১৩ জুলাই) থেকে কিছুটা কমতে পারে।

সপ্তাহের প্রথম কর্মদিবসে সকাল থেকেই রাজধানীতে তুমুল বৃষ্টি। টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছেন অফিসগামী মানুষ। ঢাকায় দিনভরই থেমে থেমে বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

রোববার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম জানান, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ (৭৬ থেকে শতভাগ অঞ্চল) জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ সময়ে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এ আবহাওয়াবিদ।

তবে সোমবার (১৩ জুলাই) রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। অর্থাৎ সোমবার বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে।

আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সারা দেশেই বৃষ্টি হয়েছে। ঢাকায় ৯৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এ সময়ে সবচেয়ে বেশি ১৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
