# ভুল প্রশ্নে এইচএসসি পরীক্ষা, গাইবান্ধায় কেন্দ্রসচিবসহ ৯ জন অব্যাহতি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-07
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vul-prsne-eicessi-preeksha-gaibandhay-kendrscibsh-9-jn-obzahti](https://dailyfulki.com/article/vul-prsne-eicessi-preeksha-gaibandhay-kendrscibsh-9-jn-obzahti)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9479.md](https://dailyfulki.com/news/9479.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাইবান্ধা সংবাদদাতা : গাইবান্ধার ফুলছড়িতে একটি পরীক্ষা কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় কেন্দ্রসচিব, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট নয়জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, পরীক্ষা কেন্দ্রে দায়িত্বে অবহেলার অভিযোগে কেন্দ্রসচিব, ট্যাগ অফিসার, পরীক্ষা পরিচালনা কমিটির তিন সদস্য এবং দুই কক্ষে দায়িত্বে থাকা চার শিক্ষকসহ মোট নয়জনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (২ জুলাই) ফুলছড়ি উপজেলার ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।

অব্যাহতিপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (কেন্দ্রসচিব) আসাদুল হক এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ও কেন্দ্রের ট্যাগ অফিসার মনোয়ার হোসেন। এ ছাড়া পরীক্ষা পরিচালনা কমিটির তিন সদস্য ও দুই কক্ষে দায়িত্ব পালন করা চার শিক্ষক রয়েছেন।

ফুলছড়ি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মনিরুল হাসান বলেন, ভুল প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন মোট ৬১ জন পরীক্ষার্থী। তাদের মধ্যে ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থী ছিলেন ৫০ জন এবং ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থী ছিলেন ১১ জন।

তিনি জানান, গত ২ জুলাই ফুলছড়ি সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে এইচএসসি বাংলা প্রথমপত্র পরীক্ষায় ২০২৬ সালের নিয়মিত পরীক্ষার্থীদের হাতে ভুল করে ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়। অন্যদিকে ২০২৫ সালের অনিয়মিত পরীক্ষার্থীরা ২০২৬ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দেন।

পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শিক্ষার্থী ও অভিভাবকরা। পরে তারা কেন্দ্রসচিবের কক্ষে গিয়ে বিষয়টি জানান। এ সময় সংশ্লিষ্ট শিক্ষকরা ফলাফলে কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করলে একপর্যায়ে সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরে ওই দিনই দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মোহাম্মদ বোরহান উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গাইবান্ধা জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়।

এর পরদিন ৩ জুলাই জেলা প্রশাসক মাসুদুর রহমান মোল্লার স্বাক্ষরিত আদেশে কলেজের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও অধ্যক্ষ অধ্যাপক এস এম আশাদুল ইসলামকে কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। একই সঙ্গে ওই কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদকে নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ২ জুলাই দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিম এবং কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষাগুলো পৃথক প্রশ্নপত্রে নেওয়া হয়।

চলমান এইচএসসি পরীক্ষায় গাইবান্ধায় জেনারেল, মাদ্রাসা ও কারিগরি বিভাগ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৭ হাজার ৪৭১ জন। 

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
