# সাভারে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপনে তমিজ উদ্দিনকে উপদেষ্টা করে কমিটি ঘোষণা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-06
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-julai-agst-gnovzutthan-udzapne-tmij-uddinke-updeshta-kre-kmiti-ghoshna](https://dailyfulki.com/article/savare-julai-agst-gnovzutthan-udzapne-tmij-uddinke-updeshta-kre-kmiti-ghoshna)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9461.md](https://dailyfulki.com/news/9461.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

সাভার প্রতিনিধি: বিএনপি'র ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান উদযাপন উপলক্ষে ঢাকা-১৯ (সাভার-আশুলিয়া) আসনের উপদেষ্টা, সম্মানিত সদস্য ও সদস্যদের সমন্বয়ে ৭০ সদস্যের উদযাপন কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিনের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

ঘোষিত কমিটিতে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সভাপতি মোহাম্মদ তমিজ উদ্দিনকে উপদেষ্টা করা হয়েছে। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে তিনি ঢাকা জেলা উত্তর ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেন এবং আন্দোলনে নেতৃত্ব দেন। এছাড়া কমিটিতে ১৫ জন উপদেষ্টা, ৪ জন সম্মানিত সদস্য এবং ৫১ জন সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে কমিটির সদস্যসংখ্যা ৭০।

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সংরক্ষণ, উদযাপন কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন এবং  সাভার-আশুলিয়া এলাকায় সাংগঠনিক সমন্বয় জোরদারের লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে স্থান পাওয়া নেতাকর্মীরা বলেন, ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে রাজপথে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখা ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের মাধ্যমে এ কমিটি গঠন করায় তারা  সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবুর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে তারা জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে উদযাপনের সব কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
