# সিংগাইরের আট ইউপি চেয়ারম্যান হাইকোর্টের রায়ে ফিরলেন দায়িত্বে

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-06
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/singgairer-at-iupi-ceyarmzan-haikorter-raye-firlen-dayitwe](https://dailyfulki.com/article/singgairer-at-iupi-ceyarmzan-haikorter-raye-firlen-dayitwe)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9454.md](https://dailyfulki.com/news/9454.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

মাসুম বাদশাহ, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে : হাইকোর্টের নির্দেশে অবশেষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান তাদের দায়িত্ব ফিরে পাচ্ছেন। বিষয়টি নিশ্চিত করেছেন সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খায়রুন্নাহার।

তিনি আরো জানান, চেয়ারম্যানদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক (ডিডিএলজি) মোহাম্মদ নাজমুল হাসান খানের স্বাক্ষরিত নির্দেশনা গত রোববার (৫ জুলাই) তার হোয়াটসঅ্যাপে পাঠানো হয়েছে। সরকারি চিঠি হাতে পাওয়ার পর উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।

দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা হলেন, তালেবপুর ইউনিয়নের মো. রমজান আলী, বায়রা ইউনিয়নের দেওয়ান মো. জিন্নাহ, চারিগ্রাম ইউনিয়নের মো. রিপন হোসেন, জয়মন্টপ ইউনিয়নের ইঞ্জিনিয়ার শাহাদাত হোসেন, চান্দহর ইউনিয়নের মো. শওকত হোসেন, ধল্লা ইউনিয়নের মোহাম্মদ জাহিদুল ইসলাম, সায়েস্তা ইউনিয়নের মো. হালিম এবং জামির্ত্তা ইউনিয়নের আবুল হোসেন।

তবে জামশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী কামরুজ্জামান হাইকোর্টের সার্টিফায়েড কপি জমা না দেওয়ায় আপাতত দায়িত্ব ফিরে পাচ্ছেন না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

জানা গেছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী গত বছরের ৩১ জুলাই মানিকগঞ্জ জেলা প্রশাসনের এক আদেশে সিংগাইর উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদে নির্বাচিত চেয়ারম্যানদের পরিবর্তে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে ক্ষতিগ্রস্ত চেয়ারম্যানরা পৃথকভাবে হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন।

গত ৩ মার্চে শুনানি শেষে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি রাজ্জাক আল-জলিল এবং বিচারপতি মো. আনোয়ারুল ইসলাম প্রশাসক নিয়োগকে অবৈধ ঘোষণা করে রুল জারি করেন। পরবর্তীতে ওই রায়ের আলোকে স্থানীয় সরকার বিভাগের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোহাম্মদ নাজমুল হাসান খানের স্বাক্ষরিত চিঠিতে সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সংশ্লিষ্ট চেয়ারম্যানদের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে দায়িত্ব ফিরে পাওয়া চেয়ারম্যানরা জানিয়েছেন, সরকারি নির্দেশনা হাতে পেলেই তারা নিজ নিজ ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণে প্রস্তুত রয়েছেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
