# জুলাই নিয়ে কটাক্ষ: শাওন, মাহিসহ তিনজনের বিরুদ্ধে থানায় জিডি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-04
- **বিভাগ (Category)**: বিনোদন
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-niye-ktaksh-saoon-mahish-tinjner-biruddhe-thanay-jidi](https://dailyfulki.com/article/julai-niye-ktaksh-saoon-mahish-tinjner-biruddhe-thanay-jidi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9411.md](https://dailyfulki.com/news/9411.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : জুলাই আন্দোলনকে অবমাননা ও অপপ্রচারের অভিযোগ তুলে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) সকালে ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’ নামের একটি সংগঠনের প্রতিনিধিরা এই অভিযোগ জমা দেন।

শাহবাগ থানার ডিউটি অফিসার এসআই স্বপন শুক্রবার রাতে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, অভিযোগকারীরা লিখিত আবেদনে দাবি করেছেন, অভিযুক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই আন্দোলনের স্মৃতি ও এর শহীদদের আত্মত্যাগের বিষয়ে অবমাননাকর মন্তব্য ও কর্মকাণ্ড পরিচালনা করেছেন।

অভিযোগপত্রে বিশেষভাবে উল্লেখ করা হয়, জুলাই আন্দোলন বাংলাদেশের ইতিহাসের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু অভিযুক্তরা এই আন্দোলন এবং এর সঙ্গে জড়িত আবেগ ও ঘটনাপ্রবাহ নিয়ে বিভ্রান্তিকর ও অবমাননাকর অপপ্রচার চালিয়েছেন। এছাড়া শান্তা ফারজানা নামের ওই নারী সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করার একটি ভিডিও প্রকাশ করেছেন বলে অভিযোগে জানানো হয়, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক অভিযোগটি জমা নেওয়া হয়েছে। এখন অভিযোগের সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু হবে। তদন্তে অপরাধের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
