# গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-03
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepure-trak-motrsaikel-sngghrshe-niht-2](https://dailyfulki.com/article/gajeepure-trak-motrsaikel-sngghrshe-niht-2)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9386.md](https://dailyfulki.com/news/9386.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২
গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মাছবাহী একটি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জুলাই) রাত ২টার দিকে উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শিশুতোষ বিদ্যাঘরের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— ঢাকার কেরানীগঞ্জ উপজেলার জিনজিরা এলাকার গিয়াসউদ্দিনের ছেলে কাওসার আহমেদ (২৪) ও একই এলাকার হাসান সিকদারের ছেলে সোলাইমান হোসেন (২২)। সোলাইমান একটি বেসরকারি প্রতিষ্ঠানে ও কাওসার একটি ফলের দোকানে কাজ করতেন।

নিহত কাওসারের বড় ভাই ফয়সাল আহমেদ জানান, চার বন্ধু দুটি মোটরসাইকেলে করে কেরানীগঞ্জ থেকে সোলাইমানের মামার বাড়িতে বেড়ানোর উদ্দেশে রওনা হন। রাতের দিকে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে রংসাইডে দ্রুতগতিতে আসা একটি মাছভর্তি ট্রাক তাদের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।

এতে কাওসার ও সোলাইমান ঘটনাস্থলেই মারা যান।

তিনি আরো জানান, তাদের সঙ্গে থাকা অন্য মোটরসাইকেলের দুই আরোহী কিছুটা পেছনে থাকায় প্রাণে রক্ষা পান। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই পরিবারের সদস্যরা শ্রীপুরে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করেছে।

দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করে থানায় নেওয়া হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
