# পূর্বাচলে হবে ৪ থানা ও ৬ তদন্ত কেন্দ্র: আইজিপি

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-07-01
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/puurwacle-hbe-4-thana-oo-6-tdnt-kendr-aijipi](https://dailyfulki.com/article/puurwacle-hbe-4-thana-oo-6-tdnt-kendr-aijipi)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9343.md](https://dailyfulki.com/news/9343.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : পূর্বাচল নতুন শহর প্রকল্পে ৪টি থানা ও ৬টি তদন্ত কেন্দ্র হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

বুধবার (১ জুলাই) সকালে পূর্বাচল নতুন শহর প্রকল্প এলাকায় ‘বরকাউ পুলিশ ক্যাম্প’ উদ্বোধন করে তিনি এ তথ্য জানান।

আইজিপি জানান, পূর্বাচলে আইন-শৃঙ্খলা জোরদারে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আওতায় ৪টি থানা, ৬টি তদন্ত কেন্দ্র, ২টি পুলিশ লাইনস, ৩টি ডিসি অফিস এবং ৪১টি পুলিশ বক্স স্থাপনের কার্যক্রম চলছে। ইতোমধ্যে পুলিশের অনুকূলে ২৯ দশমিক ২১ একর জমি বরাদ্দের মধ্যে ১৮ দশমিক ৬৩ একরের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে।

তিনি জানান, ভবিষ্যতে পূর্বাচলকে ডিএমপির আওতায় এনে একজন অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পৃথক বিভাগ গঠন এবং প্রায় ৬ হাজার ৫২৪ জন জনবল সৃষ্টির পরিকল্পনা রয়েছে।

আইজিপির মতে, পূর্বাচলে পরিকল্পিত পুলিশি অবকাঠামো গড়ে উঠলে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দ্রুত সেবা প্রদানের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

একই সঙ্গে দ্রুত সম্প্রসারণশীল এই নতুন শহরের টেকসই নগরায়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ সময় ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
