# বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে বেয়াইনের অনশন

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-30
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/biyer-dabite-beyayer-barite-beyainer-onshn](https://dailyfulki.com/article/biyer-dabite-beyayer-barite-beyainer-onshn)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9334.md](https://dailyfulki.com/news/9334.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

শরীয়তপুর সংবাদদাতা : শরীয়তপুরের জাজিরায় বিয়ের দাবিতে বেয়াইয়ের বাড়িতে অনশন করছেন এক তরুণী। দাবি না মানলে আত্মহত্যা করার ঘোষণা দিয়েছেন তিনি। এ ঘটনায় প্রেমিক ও তার বাবা বাড়ি ছেড়ে পালিয়েছেন।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টা পর্যন্ত উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে ভুক্তভোগী ওই তরুণীকে অবস্থান করতে দেখা যায়। এর আগে সোমবার (২৯ জুন) রাত ৯টা থেকে আমির হোসেনের বাড়িতে অনশন শুরু করেন তিনি।

প্রেমিক আমির হোসেন মাদবর (২৩) উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের সুরুজ মাদবরের ছেলে

জানা গেছে, প্রেমিক আমির হোসেন মাদবরের বসতঘরের সামনে একটি চেয়ারে বসে অনশন করছেন ওই তরুণী। তবে বসতঘরের গেটে তালা ঝুলছে। ঘটনার পর বাবা সুরুজ মাদবর পরিবারের অন্য সদস্যদের নিয়ে বাড়ি ছেড়ে আত্মগোপনে গেছেন। অভিযুক্ত আমির হোসেনও পলাতক রয়েছেন বলে জানা গেছে।

আমির হোসেন ও ওই তরুণী সম্পর্কে বেয়াই-বেয়াইন। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওই সূত্রে তরুণীর আমির হোসেনের বাড়িতে যাতায়াত ছিল। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমির হোসেন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক করেন।

এলাকাবাসী জানান, বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সমঝোতার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়েছে।

অনশনরত তরুণী বলেন, আমির হোসেনের সঙ্গে আমার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সে আমাকে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে শারীরিক সম্পর্ক করেছে। সর্বশেষ সে আমাকে বাড়ি থেকে চলে আসতে বলে। আমি তার বাড়িতে আসার পর সে আমাকে রেখে পালিয়ে যায়। আমির ফিরে না আসা পর্যন্ত আমি এখান থেকে কোথাও যাব না। সে আমাকে বিয়ে না করলে আমি আত্মহত্যা করব।

এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেননি। বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
