# সাভারে আগামী ৬ মাসে দেড় লক্ষ গাছের চারা রোপণ করা হবে : ডিসি ফরিদা খানম

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-30
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/savare-agamee-6-mase-der-lksh-gacher-cara-ropn-kra-hbe-disi-frida-khanm](https://dailyfulki.com/article/savare-agamee-6-mase-der-lksh-gacher-cara-ropn-kra-hbe-disi-frida-khanm)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9330.md](https://dailyfulki.com/news/9330.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : ‘সবুজ ঢাকার অঙ্গীকার, আজকের বৃক্ষ, আগামীর নিঃশ্বাস’ এই স্লোগানকে সামনে রেখে সাভারে বৃক্ষরোপণ কর্মসূচি হাতে নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সামনে এ কর্মসূচীর উদ্বোধন ঢাকার জেলা প্রশাসক ফরিদা খানম।

পরে সাংবাদিকদের তিনি বলেন, আগামী ৬ মাসের মধ্যে সাভারে দেড় লক্ষ ও আগামী ৫ মাসে কেরানীগঞ্জে ১ লক্ষ গাছ লাগানোর টার্গেট দেয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফরিদা খানম বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও পরিবেশগত ঝুঁকি দিন দিন বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি প্রতিটি নাগরিককে বৃক্ষরোপণকে সামাজিক দায়িত্ব হিসেবে গ্রহণ করতে হবে।

তিনি আরও বলেন, শুধু আনুষ্ঠানিকভাবে গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না। রোপণ করা প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতে হবে। একটি গাছ বাঁচানো মানে একটি জীবন, একটি পরিবার ও একটি সুস্থ পরিবেশকে বাঁচিয়ে রাখা।

ফরিদা খানম বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, শিল্পপ্রতিষ্ঠান, আবাসিক এলাকা এবং খালি জায়গাগুলোতে পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করতে হবে। পরিবেশ সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, একটি গবেষণায় দেখা গেছে, একজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রতিদিন গড়ে প্রায় ৫৫০ লিটার অক্সিজেন গ্রহণ করেন। গড় আয়ু ৭০ বছর ধরা হলে, একজন মানুষের সারা জীবনে প্রয়োজন হয় প্রায় ১৪ লাখ লিটার অক্সিজেন। অন্যদিকে একটি পূর্ণবয়স্ক গাছ বছরে গড়ে ৮২ হাজার ৬০০ লিটার অক্সিজেন উৎপাদন করে। সেই হিসেবে একজন মানুষের জীবনভর অক্সিজেনের চাহিদা পূরণে প্রয়োজন হয় প্রায় ১৭টি পূর্ণবয়স্ক গাছ।

তবে বাস্তবতা হলো, রোপণ করা সব গাছ পরিণত বয়সে পৌঁছায় না। তাই আমাদের প্রত্যেকের উচিত জীবনে অন্তত ১০০টি গাছ রোপণ করা, যাতে অন্তত ১৭টি গাছ পূর্ণবয়স্ক হয়ে মানুষ ও পরিবেশের কল্যাণে অবদান রাখতে পারে।

ফরিদা খানম বলেন, বাংলাদেশে একটি আইসিইউ বেডে অক্সিজেন ও অন্যান্য চিকিৎসাসহ প্রতিদিনের ব্যয় প্রায় ১০ হাজার থেকে ৫০ হাজার টাকা, কখনো কখনো এরও বেশি। অথচ আমরা সুস্থ অবস্থায় প্রতিদিন যে বিপুল পরিমাণ অক্সিজেন গ্রহণ করি, তার বিশাল অংশের যোগান প্রকৃতি এবং আমাদের চারপাশের গাছপালা সম্পূর্ণ বিনামূল্যে দিয়ে থাকে।

তিনি আরও বলেন, অর্থ দিয়ে আইসিইউর অক্সিজেন কেনা সম্ভব। কিন্তু একটি পরিণত গাছ যে অক্সিজেন, ছায়া, শীতলতা, জীববৈচিত্র্যের আশ্রয় এবং পরিবেশগত সুরক্ষা প্রদান করে, তার প্রকৃত মূল্য কোনো অর্থেই নির্ধারণ করা যায় না।

এ সময়ে অন্যান্য মধ্যে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. এস.আর. কবির, সাভার উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মনির হোসেন, তাইজুলসহ আরো অনেকে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
