# শিশুর হাতের লেখা ভালো করার কৌশল

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-01
- **বিভাগ (Category)**: লাইফস্টাইল
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sisur-hater-lekha-valo-krar-kousl](https://dailyfulki.com/article/sisur-hater-lekha-valo-krar-kousl)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/933.md](https://dailyfulki.com/news/933.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুলকি ডেস্ক : সবার হাতের লেখাই যে সুন্দর তা নয় । তবে চেষ্টা করতে ক্ষতি নেই। ছোট থেকেই যদি সঠিক ভাবে হাতের লেখার অভ্যাস করানো যায়, তা হলে লেখা হবে ঝরঝরে, স্পষ্ট ও পরিচ্ছন্ন।

**সুন্দর হাতের লেখা শেখানোর উপায়**

 

ভাষার যেমন ছন্দ আছে, তেমনি লেখারও ছন্দ আছে। যেটাকে বলা হয় অক্ষরছন্দ। সেই ছন্দে হাতের লেখাকে বাঁধতে গেলে শুরু করতে হবে প্রথম থেকেই। শিশু যখন প্রথম অক্ষর লেখা শুরু করে তখন থেকেই বাংলা স্বরবর্ণ বা ব্যঞ্জনবর্ণ হোক অথবা ইংরেজি অক্ষর, সবই স্পষ্ট করে লেখা শেখাতে হবে। যিনি শেখান তিনি নিজেই হয়তো অক্ষরগুলি পেঁচিয়ে, বিকৃত করে লেখেন। স্বাভাবিক ভাবে শিশুকেও শেখানো হয় একইভাবে । তাই শিশুকে শেখাতে হলে স্পষ্ট করে লিখুন। 

শিশু যখন স্কুলে গিয়ে শব্দ লেখা শিখবে, তখন একটি শব্দের প্রতিটি অক্ষরই যেন স্পষ্ট হয়, তা শেখাতে হবে। বাংলা শব্দ মাত্রা দিয়ে লেখা, ইংরেজি হলে প্রতিটি অ্যালফাবেট পর পর জুড়ে শব্দ লেখার সময়ে খেয়াল রাখতে হবে অক্ষর যেন বিকৃত না হয়ে যায়। অনেক সময়েই শিশুরা ছোট হাতের ও বড় হাতের অক্ষর গুলিয়ে ফেলে, সেগুলি ধৈর্যের সাথে বসিয়ে লেখাতে হবে।

ইংরেজির জন্য শুরুর দিকে ফোর লাইনার পাতাই যথেষ্ট। হাতের লেখা ভাল হতে শুরু করলে তার পরে সিঙ্গল রুলড পেপার এবং পরে একেবারে সাদা পাতায় লেখার অভ্যাস করতে হবে।

লেখার সময়ে লাইন যেন সোজা ও এক সরলেখায় হয়, তা খেয়াল করুন।  একটি গোটা লাইন লেখার সময়ে, তার অক্ষরগুলি এলোমেলো থাকলে ও লাইন এঁকেবেঁকে চললে, লেখা দেখতে খুবই অপরিচ্ছন্ন ও খারাপ লাগবে। তাই লেখার সময়ে প্রতিটি অক্ষর যেন সমান মাপের হয় ও লাইন সোজা থাকে, তা খেয়াল রাখতে হবে। মার্জিন ধরে শিশুকে লেখার অভ্যাস করাতে হবে।

পেনসিল ও পেন ধরাও শিখতে হবে। শিসের ডগা থেকে অন্তত দেড়-দু’ইঞ্চি দূরে পেনসিল বা পেন ধরা জরুরি। এতে লেখা ভাল হবে।

আট-ন’বছর বয়স পর্যন্ত শিশুকে পেনসিলে লেখা দরকার। এর পরে পেন ব্যবহার করা শিখাতে হবে। পেনসিল থেকে পেন ব্যবহার করার সময়ে ফাউন্টেন পেনের ব্যবহারই শুরুতে হওয়া উচিত, পরে জেল বা বল পেন।

প্রতি দিন নিয়ম করে বাংলা ও ইংরেজি হাতের লেখা অভ্যাস করাতে হবে। অন্তত দু’পাতা করেও লিখতে দিন শিশুকে। ছুটির দিনে আরও বেশি হলে ভালো। পাঠ্য বই থেকেই পাতা ধরে লিখতে দিন। এতে পড়াও হয়ে যায়। আবার লেখার অভ্যাসও তৈরি হয়। এই অভ্যাস থাকলে পরীক্ষার সময়েও দ্রুত লিখতে সুবিধা হবে শিশুর।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
