# শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মেনে চলার আহ্বান তথ্য উপদেষ্টার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/sekh-hasinar-bktbz-prcare-adalter-nishedhajnga-mene-clar-ahwan-tthz-updeshtar](https://dailyfulki.com/article/sekh-hasinar-bktbz-prcare-adalter-nishedhajnga-mene-clar-ahwan-tthz-updeshtar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9326.md](https://dailyfulki.com/news/9326.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা আছে। তাই বাংলাদেশের গণমাধ্যমে তার বক্তব্য সরাসরি প্রচার করা উচিত নয়।

মঙ্গলবার (৩০ জুন) তথ্য অধিদফতরের সম্মেলন কক্ষে এক ব্রিফিংয়ে তথ্য উপদেষ্টা এই আহ্বান জানান।

ভারতীয় সংবাদমাধ্যম ‘এনডিটিভি’কে দেওয়া শেখ হাসিনার সাম্প্রতিক সাক্ষাৎকার দেশের কিছু গণমাধ্যমে প্রচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, “অনেক মিডিয়া এই কাজ করছে। তারা আদালতের নির্দেশনা মানছেন না—এটা একটা বাস্তবতা। তথ্য মন্ত্রণালয় প্রাথমিকভাবে গণমাধ্যমকে আহ্বান জানাচ্ছে, তারা যেন এই কাজটি না করেন। প্রয়োজনে বিষয়টি আনুষ্ঠানিকভাবেও জানানো হবে।”

তিনি আরও স্পষ্ট করে বলেন, এই বিষয়ে সরকার এখনই খুব কঠোর অবস্থানে যাচ্ছে না। কিন্তু গণমাধ্যমের আইন ও আদালতের নির্দেশনার প্রতি শ্রদ্ধাশীল থাকা উচিত। ভবিষ্যতে প্রয়োজন হলে ব্যবস্থা নেওয়ার কথাও ভাবা যেতে পারে।

ডা. জাহেদ উর রহমান আরও উল্লেখ করেন, বিদেশি গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রকাশ হলে মানুষ নানা মাধ্যমে সেটি জেনে যায়। তবে দেশের ভেতরে আদালতের নিষেধাজ্ঞা বহাল থাকা অবস্থায় দেশীয় গণমাধ্যমে তা প্রচার করা কোনোভাবেই অনুচিত।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
