# খুচরার অভাবে ৮০ পয়সা বেশিতে সিগারেট কিনতে হচ্ছে : আমির হামজা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-30
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/khucrar-ovabe-80-pysa-besite-sigaret-kinte-hcche-amir-hamja](https://dailyfulki.com/article/khucrar-ovabe-80-pysa-besite-sigaret-kinte-hcche-amir-hamja)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9320.md](https://dailyfulki.com/news/9320.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার  : খুচরা পয়সার অভাবে নিম্নমানের সিগারেটে ৮০ পয়সা বেশি দিয়ে কিনতে হচ্ছে বলে জানিয়েছেন কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামী দলীয় সংসদ সদস্য আমির হামজা। তার মতে, অতিরিক্ত ৮০ পয়সা সরকার পায় না, এতে বছরে ৫ হাজার কোটি টাকার রাজস্ব হারাবে।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

আমির হামজা বলেন, বাজেট অর্থবহ হবে যদি কার্যকর হয়। কিন্তু সরকারের বাজেটে ঘোষিত ৬ লাখ ৯৫ হাজার টাকা রাজস্ব উত্তোলন সরকারের পক্ষে কঠিন হয়ে যাবে। সেজন্য বলেছিলাম ৬ লাখ ৩০ হাজার কোটি টাকা বাজেট ধরা হলে, ২ লাখ ৪৩ হাজার কোটি টাকার ঋণের বোঝা আমাদের ওপরে আসতো না।

সেজন্য কিছু পণ্যে দাম বাড়ানো-কমানো নিয়ে অর্থমন্ত্রীকে প্রস্তাবনা দেন তিনি।

এ বিষয়ে তিনি বলেন, ‘নিম্নমানের একটি সিগারেটের দাম এখন ৬ টাকা ২০ পয়সা। কিন্তু খুচরা পয়সার অভাবে দোকানদারের কাছ থেকে কিনতে হচ্ছে ৭ টাকায়। সরকার বাকি ৮০ পয়সা পায় না। এটা পেলে হিসাব করে দেখলাম সরকারের ৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় বাড়বে।’

বিষয়টি সরকার বিবেচনায় নিলে ভালো হবে বলে অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া-৩ আসনের এ সংসদ সদস্য।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
