# মানিকগঞ্জে আন্তঃজেলা ডাকাতচক্রের ৫ সদস্য গ্রেফতার, অস্ত্র ও পিকআপ উদ্ধার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-29
- **বিভাগ (Category)**: মানিকগঞ্জ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/manikgnje-antjela-dakatckrer-5-sdsz-greftar-ostr-oo-pikap-uddhar](https://dailyfulki.com/article/manikgnje-antjela-dakatckrer-5-sdsz-greftar-ostr-oo-pikap-uddhar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9309.md](https://dailyfulki.com/news/9309.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাতচক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি পিকআপ, চারটি রামদা, দু’টি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

সোমবার (২৯ জুন) বিকেল ৪টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো।
গ্রেফতারকৃতরা হলেন যশোরের আবুল হোসেন (৪০), গাজীপুরের এরশাদ (৪৩), রাজবাড়ীর হামিদুল বিশ্বাস (৩৭), ঝিনাইদহের আবুল কালাম (২৬) এবং নওগাঁর শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১)। তাদের অধিকাংশই বর্তমানে গাজীপুর ও ঢাকার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১২টার পর শিবালয় উপজেলার ধুতরাবাড়ি এলাকার পাটুরিয়া ৪ নম্বর ফেরিঘাটে অভিযান চালানো হয়। সেখানে একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি ডাকাতির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ পিকআপটি থামিয়ে তল্লাশির চেষ্টা করলে চালক দ্রুত পালানোর চেষ্টা করে। এ সময় পিকআপটি পুলিশের মাইক্রোবাসসহ সড়কে থাকা কয়েকটি যানবাহনকে ধাক্কা দেয়। পরে ফেরিতে ওঠার সময় ৪ নম্বর ফেরিঘাটের পন্টুনের ওপর গাড়িটি আটকে দিয়ে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। তবে তাদের সঙ্গে থাকা আরও দুই থেকে তিনজন পালিয়ে যায়। তাদের দেওয়া তথ্য অনুযায়ী পিকআপটির চালকের আসনের নিচ থেকে ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা একটি পিকআপ, চারটি রামদা, দু’টি কাটার ও একটি হাসুয়া উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আবুল হোসেনের বিরুদ্ধে দু’টি, এরশাদুলের বিরুদ্ধে একটি, হামিদুল বিশ্বাসের বিরুদ্ধে একটি এবং আবুল কালামের বিরুদ্ধে একটি করে চুরি ও ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

পুলিশ কর্মকর্তা মানবেন্দ্র বালো বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও একটি পিকআপ উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা করা হয়েছে।’
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
