# গাজীপুরের কাপাসিয়ায় শাপলা বিলে ঘুরতে এসে পানিতে ডুবে ২ যুবকের মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-08-01
- **বিভাগ (Category)**: গাজীপুর
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/gajeepurer-kapasiyay-sapla-bile-ghurte-ese-panite-dube-2-zubker-mrritzu](https://dailyfulki.com/article/gajeepurer-kapasiyay-sapla-bile-ghurte-ese-panite-dube-2-zubker-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/927.md](https://dailyfulki.com/news/927.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নের পাঁচুয়া গ্রামের বামনদিয়া পদ্মবিলে শাপলার সৌন্দর্য উপভোগ করতে এসে দুই যুবকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে এ ঘটনা ঘটে। তারা হলেন- পাশ্ববর্তী শ্রীপুর উপজেলার টেংরা টেপির বাড়ি এলাকার মো. নূরে আলমের ছেলে মো. মাহিন (১৬) ও ময়মনসিংহের ভালুকা উপজেলার জামিরদিয়া এলাকার ফরহাদ উদ্দিনের ছেলে বায়েজিদ হোসেন (৩৫)। 

স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে দুটি মোটরসাইকেলে চড়ে পাঁচজন যুবক বামনদিয়া পদ্মবিলে ঘুরতে আসেন। একটি ডিঙ্গি নৌকা ভাড়া নিয়ে তারা শাপলার সৌন্দর্য উপভোগ করছিলেন। প্রায় ঘণ্টাখানেক পর ডিঙ্গি নৌকার তলায় পানি জমে যায়। শাপলা উঠানো ও নড়াচড়ার কারণে হঠাৎ করে নৌকাটি একটি গহীন খাদে ডুবে যায়। এ সময় তাদের তিনজন সাঁতরে তীরে আসতে পারলেও মাহিন ও বায়েজিদ পানিতে তলিয়ে যায়। তীরে আসা যুবকদের চিৎকারে আশপাশের লোকজন এসে অপর কয়েকটি নৌকা নিয়ে খোঁজাখুঁজি করে মাহিনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপর যুবক বায়েজিদকে খোঁজাখুঁজির দীর্ঘ সময় পর মৃত অবস্থায় উদ্ধার করা হয়।

এ বিষয়ে কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়ে ওই যুবকদের লাশ উদ্ধার করে সুরতহাল করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
