# ধামরাইয়ে সওজের উচ্ছেদ অভিযানে হামলা

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-23
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-soojer-ucched-ovizane-hamla](https://dailyfulki.com/article/dhamraye-soojer-ucched-ovizane-hamla)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9207.md](https://dailyfulki.com/news/9207.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ের ঢুলিভিটায় সড়ক ও জনপথের নিয়মিত উচ্ছেদ অভিযানে হামলার ঘটনা ঘটে। এতে বুলডোজার চালক ও সহকারী আহত হয়েছেন।
মঙ্গলবার (২৩ জুন) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের পাশে ফুটপাত দখল করে ঢুলিভিটা এলাকায় অবৈধ ভাবে গড়ে ওঠা দোকান পাট উচ্ছেদ অভিযান পরিচালনা করার সময় এ হামলার ঘটনা ঘটে। পরে উচ্ছেদ অভিযান বন্ধ করে দেয় সড়ক ও জনপদ বিভাগ। তবে প্রাথমিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

সড়ক ও জনপদ বিভাগ জানায়, সড়ক ও জনপদ বিভাগ বছরে একবার নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করে। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার ঢুলিভিটা এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করে। ঘণ্টা খানেক অভিযান করে কিছু দোকান উচ্ছেদ করার এক পর্যায়ে ফুটপাতের ব্যবসায়ীরা বুলডোজার গাড়ি ও চালকের উপর হামলা করে চালক ও সহকারীকে আহত করে। বর্তমানে অভিযান বন্ধ রয়েছে। এ জায়গায় আবারও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে হকাররা অভিযোগ করে বলেন, ‘আমাদের কোনো প্রকার নোটিশ না দিয়ে আজকে হঠাৎ করে উচ্ছেদ অভিযান পরিচালনা করে সড়ক ও জনপথ বিভাগ।’
সড়ক ও জনপথ বিভাগের নয়ারহাট শাখার উপ বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিক বলেন, ‘সড়ক বিভাগের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আমরা সময়ে সময়ে উচ্ছেদ অভিযান পরিচালনা করে থাকি। বছরে একবার হলেও এ ধরনের কর্মসূচি নেওয়া হয়। সরকারি সড়কের জায়গায় অবৈধ স্থাপনা গড়ে ওঠায় যানজট সৃষ্টি হয়, পথচারীদের চলাচল বিঘ্নিত হয় এবং জনভোগান্তি বাড়ে। এসব বিবেচনায় আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করি।

স্থানীয় সংসদ সদস্য বলেছেন, ‘সাধারণ মানুষ যেন ফুটপাত ব্যবহার করতে পারেন, সে জন্য অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ধারাবাহিকতায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের সহযোগিতায় সকাল থেকে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান চলাকালে স্থানীয় কয়েকজন দোকানদার আমাদের কর্মীদের ওপর হামলা চালান। তাঁদের আচরণ অনেকটা মবের মতো ছিল। এতে আমাদের কাজ বাধাগ্রস্ত হয় এবং ভেকু চালক গুরুতর আহত হন। তাঁকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

হামলার পেছনে কোনো ব্যক্তির নির্দেশনা ছিল কি না, সে বিষয়ে আমি নিশ্চিত নই। আমি এখানে নতুন হওয়ায় সংশ্লিষ্ট ব্যক্তিদের চিনি না। তবে উপজেলা প্রশাসন ও স্থানীয় সংসদ সদস্যের সঙ্গে আলোচনা করে দ্রুত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি মার্কেট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদের বিষয়েও দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে।’

ধামরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিদওয়ান আহমেদ রাফি বলেন, ‘সড়ক বিভাগের নিয়মিত উচ্ছেদ কার্যক্রমের অংশ হিসেবে ধামরাইয়ের ধুলিভিটা এলাকায় শান্তিপূর্ণভাবে প্রায় দেড় ঘণ্টা অভিযান পরিচালিত হয়। এ সময় কিছু দুষ্কৃতকারী হামলা চালিয়ে খননযন্ত্রের চালককে ইট-পাটকেলের আঘাতে আহত করেন।’

তিনি আরও বলেন, ঘটনার পেছনে কারা জড়িত এবং কারও ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হবে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এছাড়াও অবৈধ স্থাপনাগুলোর বিরুদ্ধেও পর্যায়ক্রমে ব্যবস্থা নেওয়া হবে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
