# ভূরুঙ্গামারীতে সড়ক দুর্ঘটনায় ৪ বছরের শিশুর মৃত্যু

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-22
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/vuurungoamareete-srk-durghtnay-4-bchrer-sisur-mrritzu](https://dailyfulki.com/article/vuurungoamareete-srk-durghtnay-4-bchrer-sisur-mrritzu)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9192.md](https://dailyfulki.com/news/9192.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় ভ্যানগাড়ির সঙ্গে ধাক্কা লেগে আয়শা (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২২ জুন) সন্ধ্যায় উপজেলার তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়শা ওই গ্রামের আমিনুর রহমানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার  (২২ জুন) সন্ধ্যার আগে আয়শা বাড়ি থেকে দৌড়ে রাস্তায় চলে আসে। এ সময় ধামেরহাট বাজার থেকে উপজেলা সদরের দিকে মালবোঝাই একটি ভ্যানগাড়ি যাচ্ছিল। হঠাৎ শিশুটি ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী সদর হাসপাতালে নিয়ে যান।

সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তবে রংপুরে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম জানান, শিশুটিকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ওসি আজিম উদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে কোনো অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
