# হজযাত্রী নিবন্ধনে শর্ত পূরণ না করা এজেন্সি আগামী হজে অংশ নিতে পারবে না

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-22
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/hjzatree-nibndhne-srt-puurn-na-kra-ejensi-agamee-hje-ongs-nite-parbe-na](https://dailyfulki.com/article/hjzatree-nibndhne-srt-puurn-na-kra-ejensi-agamee-hje-ongs-nite-parbe-na)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9185.md](https://dailyfulki.com/news/9185.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : যোগ্যতালিকায় নাম থাকার পরও টানা গত তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন এবং চলতি বছর (২০২৬) কোনো হজযাত্রী নিবন্ধন না করতে পারা এজেন্সিগুলো আগামী বছরের হজে অংশ নিতে পারবে না।

সুষ্ঠু হজ ব্যবস্থাপনার স্বার্থে এসব এজেন্সিকে এক বছরের জন্য হজ কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত নিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। সম্প্রতি ধর্মবিষয়ক মন্ত্রণালয় দুটি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজ ২০২৬ মৌসুমে হজ কার্যক্রম পরিচালনার জন্য ৭৫৮টি হজ এজেন্সির নাম যোগ্যতালিকায় প্রকাশ করা হয়েছিল। ওই তালিকার শর্ত অনুযায়ী, কোনো এজেন্সি যৌক্তিক কারণ ছাড়া হজযাত্রী নিবন্ধন না করলে তার বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রত্যেক এজেন্সিকে কমপক্ষে একজন হজ গাইডের সমসংখ্যক অর্থাৎ ৪৬ জন হজযাত্রী নিবন্ধনের নির্দেশনা দেওয়া হয়েছিল।

এছাড়া হজ প্যাকেজ ও গাইডলাইন-২০২৬ অনুযায়ী, একটি এজেন্সিকে ন্যূনতম ৪৬ জন হজযাত্রী নিবন্ধন করতে হবে। এ সংখ্যা পূরণ হলে অন্য এজেন্সির সঙ্গে সমন্বয় করা যাবে, অন্যথায় হজযাত্রীদের অন্য কোনো এজেন্সিতে স্থানান্তরের মাধ্যমে তাদের হজ পালন নিশ্চিত করতে হবে।

মন্ত্রণালয় জানায়, ২০২৪ থেকে ২০২৬ সাল পর্যন্ত টানা তিন বছর ৪০ জনের কম হজযাত্রী নিবন্ধন করেছে—এমন এজেন্সিগুলোকে ২০২৭ সালের হজ কার্যক্রম থেকে এক বছরের জন্য বিরত রাখা হবে। একই সঙ্গে ২০২৬ সালের যোগ্য তালিকাভুক্ত ৭৫৮টি এজেন্সির মধ্যে যেসব এজেন্সি কোনো হজযাত্রী নিবন্ধন করেনি, সেগুলোকেও আগামী বছরের হজ কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না। 

গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করেছেন। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজ পালন করেন।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
