# মোহাম্মদপুরের অপরাধীদের নির্মূল করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-20
- **বিভাগ (Category)**: জাতীয়
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/mohammdpurer-opradheeder-nirmuul-kra-hbe-swrashtrmntree](https://dailyfulki.com/article/mohammdpurer-opradheeder-nirmuul-kra-hbe-swrashtrmntree)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9138.md](https://dailyfulki.com/news/9138.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : রাজধানীর মোহাম্মদপুর এলাকা নিয়ন্ত্রণে এনে অপরাধীদের নির্মূল করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২০ জুন) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় অবদানের জন্য পুলিশ সদস্যদের পুরস্কার দেওয়া শেষে এ কথা জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মোহাম্মদপুর এলাকা অনেক বছর ধরেই অপরাধীদের অভয়ারণ্য হয়ে রয়েছে। এই মোহাম্মদপুরকেও নিয়ন্ত্রণে আনা হবে। এখানকার অপরাধীদের নির্মূল করা হবে।

আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার অনেক গতিতে কাজ করছে জানিয়ে তিনি বলেন, সেটি এরই মধ্যে সবার দৃষ্টিগোচর হয়েছে।

ইন্টারপোলের মাধ্যমে উদ্যোগ নেওয়া হয়েছে বলেই সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দুবাইয়ে গ্রেফতার করা হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ বলেন, তার বিরুদ্ধে থাকা মামলাসহ প্রয়োজনীয় সব কাগজপত্র আরব আমিরাতে পাঠানো হয়েছে। আশা করি দেশটির সরকার দ্রুতই সমস্ত প্রক্রিয়া শেষে তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

তিনি বলেন, মানুষের মধ্যে ধারণা ছিল, পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে গেছে। কিন্তু আজ সেটি ফিরে পেয়েছে।

নির্বাচিত সরকার আসার পরে পুলিশ সদস্যরা এত বেশি দায়িত্ব পালন করছেন যে, তাদের প্রশংসনীয় কাজের জন্য পুরস্কৃত করা হচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল মনে করি না; একটা মাফিয়া দল। তাদের কার্যক্রম নিষিদ্ধ রয়েছে। তবে আগামী ২৩ জুন তাদের প্রতিষ্ঠাবার্ষিকী সামনে রেখে যেকোনো কার্যক্রম সম্পর্কে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
