# আশুলিয়ায় পুলিশের অভিযানে ১০ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-18
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-puliser-ovizane-10-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/asuliyay-puliser-ovizane-10-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9113.md](https://dailyfulki.com/news/9113.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক অভিযান পরিচালনা করে ১০ জন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম, পিপিএম।

আশুলিয়া থানার ওসি মোহাম্মদ তরিকুল ইসলামের নেতৃত্বে গত ১৭ ও ১৮ জুন আশুলিয়ার বিভিন্ন এলাকায় ধারাবাহিক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানগুলো পরিচালিত হয় জামগড়া ভূইয়াপাড়া, তাজপুর, কাইচাবাড়ি, ভাদাইল ইপিজেড মডেল টাউন, পূর্ব নরসিংহপুর, চারাবাগ এবং জামগড়া চৌরাস্তা এলাকায়।

অভিযানে ১০ জন মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৬৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৫৫০ গ্রাম গাঁজা এবং ৩০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আশুলিয়া থানায় পৃথক সাতটি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে আশুলিয়া থানা পুলিশ নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করছে। মাদকমুক্ত সমাজ গঠনে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক কারবারি কিংবা অপরাধীকে আইনের আওতার বাইরে থাকার সুযোগ দেওয়া হবে না।

তিনি আরও বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আশুলিয়া থানা পুলিশের জোরালো অভিযান অব্যাহত থাকবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
