# কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মোটরসাইকেল লুট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-17
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/keraneegnje-chintaikareer-churikaghate-zubk-niht-motrsaikel-lut](https://dailyfulki.com/article/keraneegnje-chintaikareer-churikaghate-zubk-niht-motrsaikel-lut)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9089.md](https://dailyfulki.com/news/9089.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

স্টাফ রিপোর্টার : কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পবন মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলের পেছনে এক নারী যাত্রী ছিলেন। তবে ওই নারীর পরিচয় জানা যায়নি। পথে একদল ছিনতাইকারী মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার উদ্দেশ্যে পবনকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে তারা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যান। ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি সাইফুল আলম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
