# জাবির ছাত্রী হলে মাদকদ্রব্য উদ্ধার, দুই শিক্ষার্থী বহিষ্কার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-16
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/jabir-chatree-hle-madkdrbz-uddhar-dui-siksharthee-bhishkar](https://dailyfulki.com/article/jabir-chatree-hle-madkdrbz-uddhar-dui-siksharthee-bhishkar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9071.md](https://dailyfulki.com/news/9071.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নওয়াব ফয়জুন্নেছা হলের একটি কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় দুই শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে তাদের আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার এবং একজনের বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা করার সুপারিশ করা হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) ভোর ৫টারদিকে প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত সিন্ডিকেট সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবিএম আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন-ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম ব্যাচের শিক্ষার্থী তনুজা তিথি এবং নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।

জানা যায়, নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে মাদকদ্রব্য সংরক্ষণ ও সেবনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত অনুযায়ী অভিযুক্ত দুই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮ লঙ্ঘন করেছেন। অধ্যাদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, বিভাগ, ইনস্টিটিউট ও আবাসিক হলে দেশি-বিদেশি যে কোনো ধরনের মাদকদ্রব্য সংরক্ষণ, সেবন কিংবা ব্যবসা সম্পূর্ণ নিষিদ্ধ।

ডিসিপ্লিনারি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, তনুজা তিথি ও সানজিদা আমীরকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার এবং আবাসিক হল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এছাড়া তনুজা তিথির বিরুদ্ধে রাষ্ট্রীয় আইনে মামলা দায়েরেরও সুপারিশ করা হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ এপ্রিল সন্ধ্যায় নওয়াব ফয়জুন্নেছা হলের ১১৬ নম্বর কক্ষে হল প্রশাসনের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার করা হয়। কক্ষটি ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ৫১তম আবর্তনের শিক্ষার্থী তনুজা তিথির নামে বরাদ্দ ছিল। অভিযানের সময় সেখানে উপস্থিত ছিলেন নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের ৪৮তম আবর্তনের শিক্ষার্থী সানজিদা আমীর ইনিসী।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
