# জুলাই আন্দোলনে হামলা, জাবি ছাত্রলীগের ৩৭ নেতাকর্মীর শাস্তি কমলো

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-16
- **বিভাগ (Category)**: শিক্ষা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-andolne-hamla-jabi-chatrleeger-37-netakrmeer-sasti-kmlo](https://dailyfulki.com/article/julai-andolne-hamla-jabi-chatrleeger-37-netakrmeer-sasti-kmlo)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/9067.md](https://dailyfulki.com/news/9067.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) জুলাই অভ্যুত্থান চলাকালে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় দণ্ডপ্রাপ্ত ছাত্রলীগের ৪৩ নেতাকর্মীর শাস্তি পুনর্বিবেচনা করে ৩৭ জনের শাস্তি শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১৬ জুন) উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম সিন্ডিকেটের সভায় দণ্ডপ্রাপ্তদের আপিলের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ. বি. এম আজিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৪ ছাত্র আন্দোলনের সময় ১৪ জুলাই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের সামনে, ১৫ জুলাই তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের সামনে এবং উপাচার্যের বাসভবনে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত বছরের ৪ আগস্ট ছাত্রলীগের ১৮৯ জন নেতাকর্মীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে সাজাপ্রাপ্তদের অনেকের আপিল আবেদনের প্রেক্ষিতে মোট ৪৩ জন শিক্ষার্থীর শাস্তি পুনর্বিবেচনা করা হয়েছে। এর মধ্যে ৩৭ জনের শাস্তি কমেছে।

রেজিস্ট্রার জানান, চিরতরে বহিষ্কার হওয়া ২১ জনের মধ্যে পাঁচজনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। এ ছাড়া আটজনের বহিষ্কারের মেয়াদ কমিয়ে দুই বছর এবং পাঁচজনের মেয়াদ কমিয়ে এক বছর করা হয়েছে।

দুই বছরের বহিষ্কারাদেশ পাওয়া আট শিক্ষার্থীর মধ্যে ছয়জনকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হয়েছে। সনদ বাতিল হওয়া ১২ জনের মধ্যে পাঁচজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাকি সাতজনের মধ্যে চারজনের সনদ বাতিলের মেয়াদ কমিয়ে এক বছর করা হয়েছে এবং তিনজনের ক্ষেত্রে দুই বছরের শাস্তি বহাল রাখা হয়েছে।
এ ছাড়া সাময়িক বহিষ্কারের শাস্তি পাওয়া দুই শিক্ষার্থীর মধ্যে একজনের শাস্তি বহাল রাখা হয়েছে, অপরজনকে অব্যাহতি দেওয়া হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
