# আশুলিয়ায় গাঁজা-ইয়াবাসহ ৫ মাদক কারবারি গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-08
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/asuliyay-gannja-iyabash-5-madk-karbari-greptar](https://dailyfulki.com/article/asuliyay-gannja-iyabash-5-madk-karbari-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8884.md](https://dailyfulki.com/news/8884.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

 

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

সোমবার (০৮ জুন) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম।
এর আগে রবিবার দুপুর থেকে রাত পর্যন্ত আশুলিয়ার ভাদাইল, মোল্লাবাজার, আউকপাড়া ও কলতাসূতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো—আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার মৃত আকতার হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম (২৯), একই এলাকার মোঃ আজাহার ইসলাম ওরফে ইসলাম, আশুলিয়ার আউকপাড়া ছোটবাগ এলাকার সিরাজ কাজীর ছেলে রিয়াজ উদ্দীন (৩২), আশুলিয়ার কলতাসূতি বারোল এলাকার মৃত আমজাদের ছেলে মোঃ রিপন (৩১) ও জামালপুর জেলার সদর থানার বাদে চান্দি এলাকার রফিকুল ইসলামের ছেলে লুৎফর রহমান (১৯)। লুৎফর আশুলিয়ার জামগড়া রূপায়ন বটতলা এলাকায় থাকত বলে জানা যায়।

পুলিশ জানায়, রবিবার দুপুর দেড়টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার ভাদাইল তালতলা এলাকার মৃত মোতালেব দফাদারের বাড়িতে অভিযান চালিয়ে শহিদুল ইসলাম ও আজাহার ইসলাম নামের দুই মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এরপরে রাত সাড়ে ৯টার দিকে আশুলিয়ার নরসিংহপুর মানিকগঞ্জপাড়া এলাকায় অভিযান চালিয়ে ১৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ লুৎফর রহমান (১৯) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে রাত সোয়া ১০টার দিকে আশুলিয়ার আউকপাড়া আনারকলি পুকুরপাড় এলাকায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ মোঃ রিয়াজ উদ্দীন (৩২) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়াও রাত পৌনে ১১টার দিকে আশুলিয়ার কলতাসূতি বারুল এলাকায় অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ রিপন (৩১) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ তরিকুল ইসলাম জানান, আশুলিয়ার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আশুলিয়া থানায় পৃথক ৪টি মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
