# জুলাই আন্দোলনের ডকুমেন্টারি গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে পাঠিয়েছে সুপ্রিম কোর্ট

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2025-07-31
- **বিভাগ (Category)**: সারাদেশ
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/julai-andolner-dkumentari-gnovzutthan-smrriti-jadughre-pathiyeche-suprim-kort](https://dailyfulki.com/article/julai-andolner-dkumentari-gnovzutthan-smrriti-jadughre-pathiyeche-suprim-kort)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/885.md](https://dailyfulki.com/news/885.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ফুুলকি ডেস্ক : ‘জুলাই আন্দোলন’ এর প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি আনুষ্ঠানিকভাবে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ এ পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় একটি উল্লেখযোগ্য বাঁক হিসেবে বিবেচিত এই আন্দোলনের প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও তাৎপর্য সংরক্ষণের লক্ষ্যে সুপ্রিম কোর্ট এই তথ্যনির্ভর ভিডিও ডকুমেন্টারিটি তৈরি করে। সুপ্রিম কোর্টের সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্রসমাজ ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সারা দেশে ন্যায়বিচার ও জবাবদিহিতার দাবিতে যে গণআন্দোলন শুরু হয়, তা ছিল একটি গণচেতনার জোরালো বহিঃপ্রকাশ। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে এর প্রতিফলন ঘটে। আন্দোলনের উত্তেজনাকর পরিবেশে প্রধান বিচারপতির সরকারি বাসভবনের কিছু অংশে অনাকাঙ্খিত ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনাও ঘটে।

 

 

এতে আরও বলা হয়, সেই সময়ের বাস্তবতা, রাজনৈতিক অভিঘাত ও জনগণের মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়ার প্রেক্ষাপট তুলে ধরতেই ভিডিও ডকুমেন্টারি প্রস্তুত করা হয়। এটি নিছক একটি ঘটনার রূপায়ণ নয় বরং ইতিহাসের একটি জীবন্ত দলিল হিসেবে বিবেচিত হবে।

স্মৃতি জাদুঘরে প্রেরণের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আশা প্রকাশ করেছে, এই গুরুত্বপূর্ণ প্রামাণ্যচিত্র যথাযথ গুরুত্বসহ সংরক্ষণ ও প্রদর্শন করা হবে। সুপ্রিম কোর্ট মনে করে এটি আগামী প্রজন্মের জন্য ইতিহাস সচেতনতা বৃদ্ধি ও নাগরিক দায়িত্ববোধ গঠনে কার্যকর ভূমিকা রাখবে।

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
