# ধামরাইয়ে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

- **প্রকাশক (Publication)**: Daily Fulki (ডেইলি ফুলকি)
- **প্রতিবেদক (Reporter)**: ডেস্ক রিপোর্ট
- **তারিখ (Date)**: 2026-06-03
- **বিভাগ (Category)**: ঢাকা জেলা
- **মূল লিংক (Canonical URL)**: [https://dailyfulki.com/article/dhamraye-chatrleeg-neta-greptar](https://dailyfulki.com/article/dhamraye-chatrleeg-neta-greptar)
- **মার্কডাউন লিংক (Markdown URL)**: [https://dailyfulki.com/news/8757.md](https://dailyfulki.com/news/8757.md)

## সংবাদের বিস্তারিত (Article Content)

ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলিবর্ষণের মামলায় এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 
মঙ্গলবার (২ জুন) ভোরে উপজেলার সুয়াপুর ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাসেল হোসেন (২৫) ধামরাই উপজেলার সুয়াপুর এলাকার বাসিন্দা। মামলার তদন্তসংশ্লিষ্ট নথিতে তাকে সুয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সক্রিয় সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্ট ধামরাই বাসস্ট্যান্ড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে সংঘর্ষ, হামলা ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। ওই ঘটনায় আহত এক পিকআপচালক পরবর্তীতে মামলা করেন। মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের ৭-৮ হাজার নেতাকর্মীদের আসামি করা হয়।

মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, সেদিন বিকেলে ধামরাই বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় কয়েক হাজার আন্দোলনকারী অবস্থান করছিলেন। এ সময় অস্ত্রধারী একদল ব্যক্তি আন্দোলনকারীদের ওপর হামলা চালায় এবং গুলিবর্ষণ করে। এতে বাদী গুলিবিদ্ধ হয়ে আহত হন। পরে তাকে উদ্ধার করে সাভারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আদালতে জমা দেওয়া তদন্ত কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তার রাসেল হোসেন মামলার ঘটনার সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত সন্দেহে আটক হয়েছেন। তদন্তের সময় সাক্ষ্য-প্রমাণ এবং বিভিন্ন সূত্র থেকে তার সম্পৃক্ততার বিষয়ে তথ্য পাওয়া গেছে।

পুলিশ জানায়, মঙ্গলবার (২ জুন) ভোর ৪টারদিকে অভিযান চালিয়ে রাসেলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই-বাছাইয়ের কাজ চলমান রয়েছে। 

আদালতে তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়েছে, মামলার তদন্ত এখনও চলমান। গ্রেপ্তার ব্যক্তির কাছ থেকে প্রাপ্ত তথ্য যাচাই এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের বিষয়ে অনুসন্ধানের স্বার্থে তাকে কারাগারে রাখা প্রয়োজন। ভবিষ্যতে প্রয়োজনে তাকে রিমান্ডে নেওয়ার আবেদন করা হতে পারে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদা খান বলেন, মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। মঙ্গলবার গ্রেপ্তার রাসেল হোসেনকে আদালতে পাঠানো হয়েছে।
 

---

*উদ্ধৃতি নির্দেশিকা (Citation Guide): When citing information or quoting analysis from this report, please attribute to Daily Fulki and link directly to the canonical URL.*
